প্রবাস মেলা ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রযোজকের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ২২ আহস্ট ২০২২, সোমবার বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ আবেদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ২৮টি ক্যাটাগরিতে দেয়া এ পুরস্কারের জন্য কেবল বাংলাদেশি নাগরিকরা বিবেচিত হবেন। আজীবন সম্মাননা পুরস্কারের জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনা করা হবে। যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে, তবে যৌথ প্রযোজনা চলচ্চিত্রের বিদেশি শিল্পী এবং কলা-কুশলীরা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচনাযোগ্য চলচ্চিত্রকে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সেন্সর সনদপত্র প্রাপ্ত এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত হতে হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবে তা ২০২১ সালে সেন্সর সনদপত্র প্রাপ্ত হতে হবে।
অংশগ্রহণকারী প্রযোজকদের নিজ নিজ চলচ্চিত্রের একটি উন্নতমানের ডিভিডি/পেনড্রাইভ এবং নির্ধারিত ছকে প্রযোজক, পরিচালক এবং সংশ্লিষ্ট শিল্পী ও কলা-কুশলীদের নাম, প্রত্যেকের তিন কপি পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানা, টেলিফোন, মোবাইল নম্বর, ই-মেইলসহ জীবন-বৃত্তান্ত (বাংলায়), চলচ্চিত্রের কাহিনী সংক্ষেপ, শিল্পী ও কলাকুশলী তালিকা এবং গানের কথা সংবলিত ১৫ সেট ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড ও সদস্য-সচিব, জুরি বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১, তথ্য ভবন (১৪ তলা), ১১২ সার্কিট হাউস রোড, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট www.bfcb.gov.bd থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে।