প্রবাস মেলা ডেস্ক: শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বিরোধীদের মন্ত্রীসভায় যোগ দেয়ার প্রস্তাবকে অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে দেশটির বিরোধী দল। আজ ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিরোধীরা রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের এই আহ্বানকে প্রত্যাখ্যানের পাশাপাশি সরকারের ঐক্যজোটে শামিল হওয়ার আমন্ত্রণকে ধোঁকা বলে আখ্যায়িত করে সরকারের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
গতকাল সোমবার ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে জনরোষের মুখে মন্ত্রিসভার ২৬ জন সদস্য পদত্যাগের পর শ্রীলঙ্কার বিরোধীদলের নেতাদেরকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেন দেশটির রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। তাই একটি পূর্ণ মন্ত্রিসভা নিয়োগ না হওয়া পর্যন্ত সংসদের বৈধতা ও স্থিতিশীলতা বজায় রাখতে লঙ্কান রাষ্ট্রপতি চার মন্ত্রীর নাম প্রস্তাব করেছেন।
এছাড়া দেশটিতে ওষুধের তীব্র ঘাটতির কারণে মঙ্গলবার থেকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
বৈদেশিক মুদ্রার সঙ্কট এবং অর্থপ্রদানের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির ভুল ব্যবস্থাপনার জন্য ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন সৃষ্টি হয়েছে।