প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের একটি সিনেমা উত্তর আমেরিকার প্রায় ১০০ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি দেশীয় সিনেমার পাইওনিয়ার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘পাপ পুণ্য’ সিনেমাটি মুক্তি পাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রতিষ্ঠান থেকে জানা যায়, প্রথমবারের মতো বাংলাদেশি এ সিনেমাটি ১০০টির বেশি আন্তর্জাতিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২০ মে সিনেমাটি একযোগে উত্তর আমেরিকার সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অলিউল্লাহ সজীব বলেন, “আমাদের পরিবেশনায় বাংলাদেশি কোনো সিনেমা এই প্রথম ১০০ থিয়েটারে বিদেশে মুক্তি দিতে যাচ্ছি। এ ছাড়াও ২০২২-এ আমাদের মুক্তি দেওয়া প্রতিটি সিনেমা ১০০-র বেশি উত্তর আমেরিকান সিনেমা হলে একসঙ্গে মুক্তি পাবে। ‘পাপ পুণ্য’ মুক্তির মাধ্যমে আমাদের যাত্রা শুরু করছি।”
সম্প্রতি ‘পাপ পুণ্য’র উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম-এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, নবাগত শাহনাজ সুমিসহ একঝাঁক তারকা। আগামী ঈদুল ফিতরে দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’।
স্বপ্ন স্কেয়ারক্রো সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ২০ মে ‘পাপ পুণ্য’ কানাডার ৫টি প্রদেশের ৭টি শহরের সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট থিয়েটারে এবং আমেরিকার ২৫টি স্টেটের ১০০টি শহরের রিগ্যাল/সিনেমার্ক/এএমসি/হারকিন্স/ শোকেস থিয়েটারে একযোগে মুক্তি পাবে।