অসীম বিকাশ বড়ুয়া, সিউল, দক্ষিণ কোরিয়া থেকে: দক্ষিণ কোরিয়ার একক সমন্বিত ও বাংলাদেশিদের মাদার সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার (বিসিকে) চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ ২০২২, রবিবার দক্ষিণ কোরিয়ার আনসান শহরের ঐতিহ্যবাহী আশিয়ানা রেস্টুরেন্টে বিদায়ী সভাপতি এম জামান সজল এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
মো: হাসিবুল কবিরের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিসিকে’র প্রাক্তন সাধারণ সম্পাদক এম এন ইসলাম, ছোটন এম আই, আসাদুজ্জামান ভূঁইয়া জুয়েল, ইমন রহমান অহি, মোহাম্মদ জাহাঙ্গীর, তৌফিকুর রহমান তৌফিক, মুহাম্মদ অহীদুল্লা ভূঁইয়া,শাহ আলম তিতাস, মো: মোশারফ হোসেন, কাউসার শেখ, মো: মাসুদ মিয়া, জাহিদ মিজান ও মিজানুর রহমান। নির্বাচন পরিচালনা করেন এম জামান সজল, এম এন ইসলাম, ইমন রহমান ও হাসিবুল কবির প্রমুখ নেতৃবৃন্দ।
ব্র্যান্ডিং বাংলাদেশের প্রত্যয় নিয়ে জন্ম নেওয়া বিভিন্ন পেশার কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের কমন প্লাটফর্ম বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার ২০২২-২০২৩ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে সরকার জামান নলেজ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফজলুর রহমান মাসুম কে নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত সভাপতি সরকার জামান নলেজ এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমান মাসুম উভয়ে বিসিকের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সভাপতি সরকার জামান নলেজ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ সম্পাদক ফজলুর রহমান মাসুম সাবেক ইপিএস কোরিয়া বাংলা কমিউনিটির সভাপতি এবং ২০০৮ সাল থেকে দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কোরিয়া প্রবাসীদের নানা স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে এই সংগঠনটি দীর্ঘদিন ভুমিকা রাখার পাশাপাশি দেশেও নানা কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে।
কোরিয়া প্রবাসীরা আশা করে বিসিকে’র নতুন নেতৃত্বের মাধ্যমে আরো গতিশীল করবে তাদের নানা কর্মকান্ড। উল্লেখ্য, কোরিয়ায় সকল পেশার প্রবাসীদের নিয়ে একক একটি সংগঠন তৈরির লক্ষ্যে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর একটি সমন্বয় কমিটি গঠিত হয়। সমন্বয় কমিটির অধীনে ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে বিসিকে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।