প্রবাস মেলা ডেস্ক: সীমান্ত অঞ্চল থেকে যুদ্ধের আঁচ এবার পৌঁছেছে ফুটবল বিশ্বকাপের মাঠে। ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের প্রতিবাদে ১৪ মার্চ মস্কোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্লে-অফে রাশিয়া বিপক্ষে ম্যাচটি বর্জন করেছে পোল্যান্ড।
সংবাদমাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পোলিশ ও সুইডিশ ফেডারেশন চেক প্রজাতন্ত্রের সাথে মিলে ২৫ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার রাশিয়া থেকে প্লে-অফের ম্যাচটি সড়িয়ে নেবার আবেদন জানায় ফিফার কাছে। পোলিশ ফুটবল ফেডারেশনের সভাপতি সিজারি কুলেসজা বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অন্যদিকে পোল্যান্ডের দেখানো পথেই হাঁটছে সুইডেন। চেক রিপাবলিককে পরাজিত করতে পারলে আগামী ১৯ মার্চ পোল্যান্ড ও রাশিয়ার মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে সুইডেন। সেক্ষেত্রে রাশিয়া বিজয়ী হলে ম্যাচটি আর খেলবে না সুইডেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুইডিশ ফুটবল ফেডারেশনের সভাপতি কার্ল-এরিক নিলসন।
No more words, time to act! Due to the escalation of the aggression of the Russian Federation towards Ukraine the Polish national team does not intend to play the play-off match against Russia. We are in talks with 🇸🇪 and 🇨🇿 federations to bring forward a joint statement to FIFA.
— Cezary Kulesza (@Czarek_Kulesza) February 26, 2022
নিলসন বলছেন, ফিফা যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন তারা রাশিয়ার বিপক্ষে মার্চে কোনো ম্যাচ খেলবে না। সুইডিশ ক্রীড়ামন্ত্রী আন্দ্রেস ইয়েগমান এক বিবৃতিতে জানান, সুইডেনের পক্ষ থেকে রাশিয়ায় আয়োজিত সব ধরনের প্রতিযোগিতা তারা বর্জনের প্রস্তাব করবে। একইসাথে রাশিয়ান কোনো এ্যাথলেটকে ইউরোপীয়ান ইউনিয়নের কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দেবার প্রস্তাবও তারা সকলের কাছে দিবে।
এদিকে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, তিনি আশা করছেন অচিরেই ইউক্রেন-রাশিয়া সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এ ব্যাপারে তারা যেকোন মুহূর্তেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
সুইডিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অন্য আরো ২৭টি ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রের সাথে তারা এ বিষয়ে কথা বলার চেষ্টা করছে। ইউক্রেনে যতদিন পর্যন্ত এই ধরনের আগ্রাসন চলবে ততদিন রাশিয়ার সাথে সব ধরনের ক্রীড়া সম্পর্ক বর্জনের হুমকির কথা তারা সবাই মিলে চিন্তা করছে।