সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্পণ করে এবং মনমুগ্ধকর ভাষা ও দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে দিবসটি উযাপন করে। রাত ৮:০১ মিনিটে গোলাম মওলা বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রথম ভাষা সৈনিক ডাঃ মোহাম্মদ সিরাজুউল্লাহ। তিনি বলেন, একুশ এখন আর শোকের দিন নয়, এটা আমাদের জয়ের প্রতীক। প্রতিটি জয়ের পেছনে ত্যগ থাকে, কোন কিছুই এমনি এমনি আসে না। আজ ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি লাভ করেছে। তাই এদিনটি আমাদের গর্বের দিন। এনআরবি ক্যালিফোর্নিয়ার কনভেনর ইঞ্জিনিয়ার জলিল খান বলেন, ২০০৯ সালে বাংলা পাঠশালার প্রতিষ্ঠাতা সৈয়দ এম হোসেন বাবু এবং আমি প্রথম ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি।আমেরিকান ইন্ডিয়ান, ম্যাক্সিকো, এলসালভাদর, কোরিয়া সহ আমেরিকানরাও সেদিন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলো। আজ বালা’র এই আয়োজনের কথা শুনে ছুটে এসেছি।

বক্তারা আরও বলেন, আজ শুধু বাঙালির বা বাংলাদেশির নয়। বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভাষা দিবস হয়ে উঠেছে বিশ্বমানের। ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবসের সূত্রপাত বাংলাদেশে হলেও এদিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো’র ১৯৯৯ সালের ১৭ নভেম্বরের ঘোষণাবলে এখন সারা বিশ্বজুড়েই উদযাপিত হয়ে আসছে। জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশ, সব জাতি ২১ ফেব্রুয়ারি উদযাপনের মাধ্যমে নিজ নিজ মাতৃভাষার কথা স্মরণ করে। উদযাপন করে ভাষা দিবসের অনুষ্ঠান। মহান একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বের প্রতিটি মানুষের মাতৃভাষার প্রতীক। পৃথিবীর নানা জাতি–গোষ্ঠীর ভাষা এবং সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং সংরক্ষণে উৎসাহ যোগানোর পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে যোগসূত্র স্থাপন করতেও বড় ভূমিকা পালন করেছে। বিশ্ববাসীকে ঐক্য এবং সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ করেছে।

শহীদ মিনারে পুষ্পার্পণ করেন বীর মুক্তিযাদ্ধা আব্দুর রাজ্জাক।এনআরবি ক্যালিফোর্নিয়া কনভেনর ইঞ্জিনিয়ার জলিল খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, সাধারণ সম্পাদক দেওয়ান জমির, সহ সভাপতি মাকসুদা ইয়াসমিন সহ সকল নেত্রীবৃন্দ।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল অরেঞ্জ কাউন্টি, বাংলাদেশ এসোসিয়েশন অফ অরেঞ্জ কাউন্টি, বাংলাদেশ জাতীয় পার্টি অরেঞ্জ কাউন্টি, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেসের সভাপতি মো: রেজাউল করিম রেজা সহ সকল নেত্রীবৃন্দ।

রাত ৮:৩০ মিনিটে লস এঞ্জেলেসের জনপ্রিয় কন্ঠশিল্পী হাফিজুর রহমান এ্যাপলো, জাহাঙ্গীর আলম, আদনান খান ও কাবেরী রহমান সংগীত পরিবেশন করেন।