প্রবাস মেলা ডেস্ক: সুইডেনে করোনা বিধিনিষেধের বেশিরভাগই তুলে নেওয়া হচ্ছে। দেশটিতে প্রবেশে ইউরোপের নাগরিকদের জন্য থাকছে না কোনো নিষেধাজ্ঞা। তবে ইউরোপের বাইরের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে ৩১ মার্চ পর্যন্ত।
করোনা সংক্রমণের শুরুতে অনেকটা ভিন্ন পথে হাঁটা সুইডেন পরিস্থিতি বিবেচনা করে বারবারই সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রথম দিকে জনগণের স্বাধীন ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আসলেও সময় ও পরিস্থিতি বিবেচনায় স্বল্প ও দীর্ঘ মেয়াদে নানা বিধিনিষেধ আরোপ করে দেশটি। এবার করোনা নিয়ন্ত্রণে আরোপিত বেশ কিছু বিধিনিষেধ তুলে নিচ্ছে সুইডেন।
স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি ২০২২, বুধবার থেকে সুইডেনে থাকছে না কঠোর কোনো নিয়মনীতি। কোনো ধরনের করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন পাস ছাড়াই ইউরোপের নাগরিকরা সহজেই দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুইডেন ও ইউরোপের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
করোনা উপসর্গ না থাকলেও ভ্যাকসিন না নেওয়া প্রাপ্তবয়স্কদের ভিড় এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। আর করোনার লক্ষণ থাকলে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এরইমধ্যে বুস্টার ডোজ টিকা নিয়েছেন সুইডেনের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্ধেকের বেশি।