হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন অঞ্চলে তীব্র তুষার ঝড় বয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে ট্রেন ও সড়ক যোগাযোগ। ব্যাহত হচ্ছে বিমান চলাচল।
এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় ২৯ জানুয়ারি ২০২২, শনিবার বিকেল পর্যন্ত ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এ তুষারঝড়।
এবারের শীত মওসুমে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক শহরে এমন তীব্র তুষারপাত এই প্রথম। পূর্ব উপকূলীয় অঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে এর আগেও তুষারপাত হয়েছে, কিন্তু এবারই দীর্ঘ সময় ধরে তুষারঝড়ের পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার রাত থেকে শুরু হওয়া শীতকালীন তুষারঝড় ক্যানানে জনজীবন ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এক প্রবাসী বাংলাদেশি বলছেন, যে হারে তুষার পড়ছে, তাতে কাল আমি কাজে যেতে পারব না। কাল বাসায়ই থাকব। আরেকজন বলেন, বাসায় থাকার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এই করোনার মধ্যে আমরা বাইরে বের হতে চাই না।
ক্যানানের তীব্রতায় আটলান্টিক মহাসাগর পাড়ের প্রায় সব কটি অঙ্গরাজ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।
জেএফকেসহ বিভিন্ন বিমানবন্দরে অসংখ্য ফ্লাইট বাতিল হয়ে গেছে। আবহাওয়ার অফিস দুই ফুট পর্যন্ত তুষারপাত হওয়ার পূর্বাভাষ দিয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।