প্রবাস মেলা ডেস্ক: দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত নন্দিত অভিনেত্রী, মডেল ও স্থপতি অপি করিম। জনপ্রিয় এ অভিনেত্রীর শূন্যতা যেন সর্বত্র। কিন্তু কোথায় আছেন তিনি? কেন পর্দায় দেখা যাচ্ছে না তাকে? সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন অপি। বলেছেন নিজের না বলা অনেক কথা।
বিবিসিকে অপি বলেন, প্রথম কারণ হচ্ছে করোনা পরিস্থিতি। ২০২০-এর প্রথম দিকেও হাতে নতুন নাটকের কাজ ছিল। ‘কালো জলের কাব্য’ মঞ্চায়ন করছিলাম। আসলে করোনার কারণে সবার জীবনই থমকে গেছে। দ্বিতীয় কারণ হলো, আমার একটি মেয়ে আছে। ওর জন্য বাইরে বের হওয়া যায়না আমার। বিষয়টি এমন না যে পর্দায় দেখা যাচ্ছে না, মঞ্চে দেখা যাচ্ছে না। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। সেখানেও যাচ্ছি না।
তিনি আরও বলেন, আমার একটি নিজস্ব আর্কিটেকচার ফার্ম আছে- মৃ স্টুডিও। ঘরে বসেই ওখানকার কাজে সময় দিচ্ছি। তবে, সবচেয়ে বেশি সময় কাটে সন্তানকে ঘিরে। হামাগুড়ি দিতে শেখা-হাঁটতে শেখা কন্যাকে রেখে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যেতেও মন চাইছে না। স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করার চার বছর পর ২০২০ সালে কন্যা সন্তানের মা হন অপি করিম।
সন্তান প্রসঙ্গে অপি করিম বলেন, অন্য কারো কাছে ওকে রেখে যাব, এটা ভাবতে পারি না। নানা নানি, দাদা-দাদি থাকলে তাদের কাছ রেখে যাওয়া যেত, কিন্তু মনে হয়, আমার মা তো কখনো আমাকে ফেলে কোথাও যাননি। আমি কেন যাব। মাতৃত্বটা এনজয় করছি। অনেক কিছু করতে না পারলেও যখন ওর মুখের দিকে তাকাই তখন সব ভুলে যাই।
তবে, আশার কথা এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত বছর ডিসেম্বরে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। আসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অপি করিম অভিনীত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ প্রদর্শিত হতে যাচ্ছে। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটিতে অপির বিপরীতে চলচ্চিত্রটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।