প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে বিমানে করে আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে যাচ্ছিলেন নারী। করোনার বিধিনিষেধ মেনে আগেই যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সবার রিপোর্টই নেগেটিভ এসেছিল। কিন্তু মাঝ আকাশে এক নারী অসুস্থ হয়ে পড়ায় ফের তার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল বেরোতে জানা যায় তিনি করোনা আক্রান্ত। অতঃপর দ্রুত তাকে বিমানের টয়লেটে সাময়িক কোয়ারেন্টাইনে রাখা হয়।
মারিসা ফোটিও নামে ওই নারী সুইজারল্যান্ডে তার বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রেইক্যাভিক থেকে বার্নেগামী বিমানে উঠার কথা ছিল তার। মারিসা বলেন, তার দু’টি কোভিড-১৯ টিকা নেওয়া হয়ে গেছে। বিমানযাত্রার জন্য গত এক সপ্তাহে দু’বার আরটি-পিসিআর এবং পাঁচ বার ‘র্যাট’ পরীক্ষা করিয়েছিলেন। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে।
পেশায় স্কুলশিক্ষিকা মারিসা জানান, বিমান ওড়ার ঘণ্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রণা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। এরপর ফের তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।
তিনি বলেন, ‘নিজের পাশাপাশি আমি সহযাত্রীদের নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা আমাকে আশ্বস্ত করেন।’
মারিসা জানান, প্রথমে বিমানের মধ্যেই তাকে অন্য যাত্রীদের থেকে দূরে বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সব আসন পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, শেষ পর্যন্ত আমি অন্য যাত্রীদের থেকে দূরে থাকার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলি। পরবর্তীতে সেখানেই কাটান মারিসা। অভিনব কোয়ারেন্টাইনে সেলফি তুলে পোস্টও করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সূত্র: গার্ডিয়ান, আনন্দবাজার