মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: পবিত্র বড়দিনকে ঘিরে ফ্রান্সের পিংক সিটি তুলুজ শহরে প্রবাসীদের মাঝে নতুন আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছিল। ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার সরকারি ছুটি থাকায় অসংখ্য প্রবাসীরা তাদের পরিবারবর্গ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল।
নটরডেম চার্চে বাংলায় খ্রীষ্টযাগ এর মাধ্যমে বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন তুলুজ-ফ্রান্সের সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়। তুলুজে অবস্থানরত শ্রদ্ধেয় মহিলাদের তৈরিকৃত হরেক রকমের পিঠা এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায় এবং সভাপতি জোসেফ ডি কস্তা, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সকলকে নিয়ে বড়দিনের বিশেষ কেক কাটে। অতঃপর সকলে দেশীয় হরেক রকম পিঠার স্বাদ গ্রহণ করে। দুপুরের আহারের পর বিকেল পাঁচটার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জোসেফ ডি’কস্তা সভাপতিত্বে অনুষ্ঠানে আসন গ্রহণ করেন বিশেষ অতিথি বাংলাদেশি কমিউনিটির এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ফখরুল আকম সেলিম, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের আহ্বায়ক মার্ক রায়, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন- জনাব ফারুক হোসেন, সংগঠনের ভারপ্রাপ্ত ট্রেজারার লিওনার্ড এল রোজারিও, তমিজউদ্দিন খোকন, কোষাধক্ষ্য বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন, সাকের চৌধুরি- সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন, সংগঠনের প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ, আকাশ আহমেদ।

রকি ফ্রান্সিস ডি কস্তা ও নুপুর রোজারিও এর প্রাণবন্ত উপস্থাপনায় মিসেস প্রণতি ক্রুজের প্রার্থনার মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু করা হয়। ফুলের শুভেচ্ছা প্রদানের পর সংক্ষিপ্ত বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ফখরুল আকম সেলিম তার বক্তব্য উল্লেখ করেন ধর্ম যার যার উৎসব সবার। তুলুজে বসবাসরত খ্রিস্টান কমিউনিটির আনন্দঘন বড়দিনের অনুষ্ঠান সত্যিই উপভোগ্য। প্রবাসে আমাদের নতুন প্রজন্মদের বাঙালি কৃষ্টি-কালচার জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবিদার। সভাপতি জোসেফ ডি’কস্তা তার বক্তব্য উল্লেখ করেন তুলুজ শহরে ২০ বছর আগে যে ধর্মীয় সম্প্রীতির সমাজ গড়ে উঠেছিল তা এখনো চলমান। তিনি আহ্বান জানান এমনিভাবে আমরা যেন নিজ নিজ ধর্ম বিশ্বাসকে বুকে ধারণ করে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানকে স্বাগত জানাতে পারি। এটাই প্রকৃত মানব ধর্ম। প্রবাসে এ ধরনের সার্বজনীন অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।