রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস আম্মান, জর্ডান যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস -২০২১ উদযাপন করেছে। দিবসের শুরুতেই বৃষ্টিস্নাত সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। একই সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস আম্মান, জর্ডান কর্তৃক স্থানীয় দৈনিক পত্রিকা ‘জর্ডান নিউজ’ এ প্রকাশিত ‘বিশেষ ক্রোড়পত্রের’ মোড়ক উন্মোচন করা হয়।
এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জর্ডানের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। জর্ডান সরকার আরোপিত কোভিড-১৯ জনিত বিধিনিষেধ প্রতিপালন এবং নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে দিবসটি উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী’র ভিডিও বার্তা প্রচার করা হয়। দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত সহ প্রবাসী বাংলাদেশী প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বীর শহীদদের আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। মান্যবর রাষ্ট্রদূত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষ্যে তাঁর বক্তব্যে জর্ডানের সকল বাংলাদেশিকে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান। দিবসটির তাৎপর্য তুলে ধরে মান্যবর রাষ্ট্রদূত আমাদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদার করার আহ্বান জানান।

তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। বক্তব্য শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী সহ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ দূতাবাস আম্মান, জর্ডান কর্তৃক স্থানীয় দৈনিক পত্রিকা ‘জর্ডান নিউজ’ এ প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অর্জনকে বিশেষভাবে তুলে ধরা হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের পৃথিবীর বুকে এক বিশেষ স্থান দখল করে নেয়ার বিষয়টি ফুটিয়ে তোলা হয়। বিশেষ করে গত ১১ বছরে আইসিটি খাতে ডিজিটাল বাংলাদেশ, পদ্মাসেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, আর্থ-সামাজিক খাতে যুগান্তকারী অর্জন ও অগ্রগতিকে প্রাধান্য দেয়া হয়েছে। সব শেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী মাহেন্দ্রক্ষণকে উপলক্ষ করে নতুন প্রজন্মসহ উপস্থিত সকলকে জাতির পিতার আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সোবহান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও জর্ডানের প্রবাসী বাংলাদেশিদের শপথ পাঠ করানোর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।