প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্পেসক্রাফট কোম্পানি ভার্জিন গ্যালাক্টিক এবার মহাকাশ ভ্রমণের জন্য আগামী গ্রীষ্ম পর্যন্ত একশ’ টিকেট বিক্রি করেছে। ২০২২ সালের শেষ নাগাদ ধনকুবের রিচার্ড ব্রানসনের কোম্পানিটি বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ শুরু করবে।
৮ নভেম্বর ২০২১, সোমবার ভার্জিন গ্যালাক্টিকের আর্থিক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। প্রযুক্তি বিষয়ক মার্কিন ব্লগ দ্যা ভার্জ বলছে, মহাকাশ ভ্রমণের জন্য আসন প্রতি টিকেটের মূল্য সাড়ে চার লাখ ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার সমান। যদিও ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই টিকেট বিশেষ ছাড়ে বিক্রি হয়েছে দুই লাখ ডলার থেকে আড়াই লাখ ডলারে। যা বাংলাদেশী টাকায় প্রায় দুই কোটি টাকা। ২০০৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বিক্রি হয়েছিল ছয়শ’ টিকিট।

কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ছয়শ’ এবং নতুন করে আরও একশ’ টিকিট বিক্রি হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত সাতশ’ টিকেট বিক্রি করেছে কোম্পানিটি। ভার্জিন গ্যালাক্টিকের সিইও মাইকেল কোলগ্লাজিয়ার এক বিবৃতিতে বলেছেন, আমরা ফ্লাইট কার্যক্রম চালুর জোরদার প্রক্রিয়া শুরু করেছি। আগামী বছরে বাণিজ্যিক সেবা শুরু করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছি। তিনি আরও বলেন, মহাকাশ ভ্রমণের চাহিদা বাড়ছে। ধারনার চেয়ে আসন বিক্রি বেড়েছে। ভার্জিন গ্যালাক্টিক প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। মহাকাশ ট্যুরিজমের মাধ্যমে অর্থ উপার্জনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে কোম্পানিটি।
"To all you kids down there…" – @RichardBranson's message from zero gravity. #Unity22
— Virgin Galactic (@virgingalactic) July 11, 2021
Watch the livestream: https://t.co/5UalYT7Hjb pic.twitter.com/lYXHNsDQcU
এর আগে গত ১১ জুলাই পরীক্ষামূলক মিশন পরিচালনা করে সাফল্য অর্জন করে কোম্পানিটি। এক মিশনে রিচার্ড ব্রানসন নিজে তার কোম্পানির মহাকাশযানে পৃথিবীর কক্ষপথ ঘুরে আসেন।