প্রবাস মেলা ডেস্ক: ভারতের বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। এতে বেশ আপত্তি জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তার বিজনেস ভিসা বাতিল করেছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। ভিনদেশি হয়ে প্রচারে অংশ নেওয়ার অপরাধে ২০১৯ সালে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন ফেরদৌস। অবশেষে সেই জাটিলতা কাটল। ভারতের ভিসা পেয়েছেন এ চিত্রনায়ক। চলতি সপ্তাহে ভারতের ভিসা পেয়েছেন তিনি। দেশীয় সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ফেরদৌস নিজেই।
৫ নভেম্বর ২০২১, শুক্রবার সন্ধ্যায় এ অভিনেতা বলেন, ‘প্রায় আড়াই বছরের বেশি সময় পর ভারতের ভিসা পেয়েছি। ঈদের আনন্দ লাগছে। কারণ ১৯৯৮ থেকে নিয়মিত আমার সেখানে যাতায়াত। ভারত সরকার ও আমার কলকাতার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা।’
শিগগিরই ভারত ভ্রমণে যাচ্ছেন ফেরদৌস। তার সঙ্গে পরিবারের সদস্যরা থাকবেন বলেও জানিয়েছেন ফেরদৌস। তিনি আরও বলেন, ‘সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের মতো সিনেমায় ভিসার জন্য অভিনয় করতে পারিনি। ইতিহাসের অংশ হতে পারিনি। এই আফসোস থেকেই যাবে।’
১৯৯৭ সালে ‘বুকের ভিতর আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন ফেরদৌস। ছটকু আহমেদের পরিচালনায় এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছিলেন ফেরদৌস। পরের বছর ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন ফেরদৌস।
ফেরদৌস জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছিলেন এ সিনেমায় অভিনয় করেই। এরপর দেশের পাশাপাশি কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন ফেরদৌস।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে ফেরদৌস অভিনীত একাধিক সিনেমা। এরই মধ্যে পূর্ণিমার বিপরীতে দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘জ্যাম’ আর ‘গাঙচিল’ শিরোনামের সিনেমা দুটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।