ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, কন্সাল্ট্যান্ট নিউরোলজিস্ট, এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম: ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়, ২০০৬ সালে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন (WSO) দ্বারা এটি শুরু হয়েছিল এবং WSO ২০১০ সালে স্ট্রোককে একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল। স্ট্রোকের গুরুতর প্রকৃতি এবং উচ্চ হারের উপর আলোকপাত করতে, এই অবস্থার প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বেঁচে থাকাদের জন্য আরও ভাল যত্ন ও সহায়তা নিশ্চিত করতে এ দিবসের উদ্দেশ্য।
এবছরের প্রতিপাদ্য থিম হল: ‘Minutes can save life’।
স্ট্রোক কী?
স্ট্রোক মস্তিষ্কের রক্তনালির রোগ। মস্তিষ্কের রক্তনালি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কিংবা ছিড়ে গেলে স্ট্রোক হয়। বাংলাদেশে পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক।
স্ট্রোক কত প্রকার?
স্ট্রোক মূলত দুই প্রকার— রক্তনালি বন্ধ হয়ে স্ট্রোক হলে একে ‘ইসকেমিক বা রক্তবন্ধ স্ট্রোক’ এবং ছিড়ে গিয়ে স্ট্রোক হলে একে ‘হেমোরেজিক বা রক্তক্ষরণজনিত স্ট্রোক’ বলা হয়।
স্ট্রোকের উপসর্গ ও লক্ষ্ণ কী কী?
স্ট্রোক হলে শরীরের একপাশ প্যারালাইসিস হতে পারে, মুখ বেঁকে যেতে পারে, কথাবলা বন্ধ হয়ে যেতে পারে। মস্তিষ্ক দিয়ে হয় এমন যেকোনো কাজের হঠাৎ ব্যত্যয় হলে তা স্ট্রোকের লক্ষ্মণ বা উপসর্গ হতে পারে। হঠাৎ তীব্র মাথাব্যথা, খিঁচুনি, জ্ঞানের মাত্রা-হ্রাস পেলে রক্তক্ষরণজনিত স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
কী কী কারণে স্ট্রোক হয়?
সাধারণত বয়সজনিত কারণে, বংশগতি, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ প্রভৃতি কারণে স্ট্রোক হয়। মস্তিষ্কের রক্তনালির কোনো জন্মগত বা অর্জিত ত্রুটির কারণেও স্ট্রোক হতে পারে।
স্ট্রোক হলে কোন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে?
নিউরোলজি বা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ।

স্ট্রোকের সব চিকিৎসা কি বাংলাদেশে হয়?
হ্যাঁ। সব চিকিৎসাই বাংলাদেশে হয়। সাধারণ চিকিৎসার পাশাপাশি ইন্টারভেনশনাল চিকিৎসাও বাংলাদেশে হয়।
ইন্টারভেনশনাল চিকিৎসা নিয়ে বলুন।
এ পদ্ধতিতে হার্টের অ্যানজিওগ্রামের মতো মস্তিষ্কের অ্যানজিওগ্রাম করে রক্তনালির রোগ নির্ণয় করা হয়। ইন্টারভেনশনাল নিউরোলজিস্টের তত্ত্বাবধানে এই পরীক্ষা করতে হয়। ব্লক থাকলে স্টেন্ট লাগিয়ে দেওয়া হয়, কিংবা অন্যান্য সমস্যা থাকলে তার চিকিৎসাও করা হয়। রক্তনালি স্ফীত হয়ে ছিড়ে গেলে কয়েলিং এবং ধমনি ও শিরার অস্বাভাবিক সংযোগ থাকলে ‘এমবোলাইজেশন’ করা হয়। এছাড়া নতুন স্ট্রোক হওয়ার পর খুব দ্রুত আসলে ইন্টারভেনশনাল পদ্ধতিতে (আইভি/আইএ থ্রম্বোলাইসিস, মেকানিক্যাল থ্রম্বেকটমি) চিকিৎসা করে রোগীকে অনেকাংশেই সুস্থ করে তোলা সম্ভব।
নিউরোইন্টারভেনশনাল চিকিৎসা কোথায় হয়?
বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং বিএসএমএমইউ’সহ বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতালে সর্বাধুনিক এই পদ্ধতির চিকিৎসা চালু আছে।

স্ট্রোকের চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা কী?
স্ট্রোকের চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি অবহেলা করলে নানান জটিলতা সৃষ্টি হতে পারে।
করণীয় কী?
স্ট্রোকের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই একজন নিউরোলজিস্টের সাথে সাক্ষাৎ করুণ। নিজের মূল্যবান জীবনটি রক্ষা করুন। তবে স্ট্রোকের কারণ হিসাবে যেগুলো বলেছি সেগুলো নিয়ন্ত্রণ করা গেলে স্ট্রোকের প্রকোপ অনেকাংশে-ই কমে যাবে। মনে রাখতে হবে, চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম। আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।