প্রবাস মেলা ডেস্ক: বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার । এ পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে, ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন কে?
খোঁজ নিয়ে জানা যায়, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের সব সেটে এই প্রশ্নটি স্থান পেয়েছে। কোথাও ৫৫ নম্বর প্রশ্ন, কোথাও রয়েছে ৮৭ নম্বরে।
পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহেনা মারিয়ম নূর সিনেমার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে। মিডিয়া জগতের অনেকেই আজকে প্রশ্নের এই অংশটুকু শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুণী নির্মাতা শিহাব শাহীন প্রশ্নের ছবি শেয়ার করে লিখেছেন: ‘বাহ! আজকের বিসিএস পরীক্ষায় প্রশ্ন ছিল এটি!’ পরিচালক নোমান রবিন লিখেছেন: ‘আমি এ জন্য গর্বিত।’
বিসিএসে ‘রেহেনা মরিয়ম নূর’ প্রসঙ্গে প্রশ্ন এসেছে জানতে পেরে সিনেমার নায়িকা আজমেরি হক বাঁধন সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি প্রশ্নটি দেখেছি। দেখে খুব ভালো লেগেছে! আমারও বিসিএস দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়নি। তবে এটা কখনও স্বপ্নেও ভাবিনি আমার অভিনীত সিনেমার নাম সেই বিসিএস-এর প্রশ্নে থাকবে। সত্যি বলতে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমার খুব ভালো লেগেছে।’
সিনেমার গল্প গড়ে উঠেছে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। ঝঞ্ঝাবিক্ষুব্ধ তার জীবন। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন একটি ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্পটি।
আগামী ১২ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। এবার সিনেমাটির গল্প মুগ্ধ করার সুযোগ পাবে দেশীয় দর্শকদের।