রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকে: বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ, বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণকে শোক দিবসের বিভিন্ন পোস্টার ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে মান্যবর হাই কমিশনার কর্তৃক আগত অতিথিবৃন্দ এবং কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত করা হয়।

দূতাবাসে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মান্যবর হাই কমিশনার মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৫ আগস্ট ১৯৭৫-এর কালরাত্রিতে শাহাদত বরণকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শোক দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। তারপর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কর্মকর্তাগণ এবং আগত অতিথিদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।