আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ৪ আগস্ট ২০২১ বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ইতালিতে ফেরার ব্যাপারে রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসানের আহ্বানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দিলেন ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী।
ইতালিতে নিযুক্ত রোম বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো: শামীম আহসান ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার (উপপররাষ্ট্র মন্ত্রী) মিজ মারিনা সেরেনি (Ms. Marina Sereni)-এর সাথে ৪ আগস্ট ২০২১ সাক্ষাত করেন। উভয়ে দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় কয়েকটি চুক্তি/সমঝোতা-স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশে আটকে পড়া কয়েক হাজার বাংলাদেশির ইতালিতে ফিরে আসার বিষয়টি রাষ্ট্রদূত তুলে ধরেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত জোর অনুরোধ করে বলেন, বাংলাদেশ আটকে পড়া যেসব ইতালি প্রবাসী বাংলাদেশি পুরোপুরি ভ্যাকসিন গ্রহণ করেছেন (fully vaccinated) অন্তত তাদেরকে এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব করেন। ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী আগ্রহ নিয়ে ধৈর্য সহকারে রাষ্ট্রদূতের বক্তব্য শোনেন এবং বাংলাদেশ আটকে পড়া ইতালি প্রবাসীদের ইতালিতে প্রবেশ সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাদি সাময়িক (temporary) হিসেবে উল্লেখ করে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হওয়ায় সেখানকার সর্বোচ্চ পর্যায়ে দ্রুত অবহিত করার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত শামীম আহসান ইতালির স্বাস্থ্যমন্ত্রীর সাথে শীঘ্রই সাক্ষাৎ করার প্রত্যাশা করছেন। ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিডের ব্যাপক সংক্রমণ ইতালিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে যা ইতালি সরকারকে বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে এ-জাতীয় সাময়িক সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে।
ইতালির সরকার তার দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে গত বছর মার্চ থেকে জুন পর্যন্ত ইতালিতে কোভিডে আক্রান্ত এবং মৃত্যুর ভয়াবহতা ইতিহাস হয়ে থাকবে। ইতালির সরকার কোনভাবে আর সে ভুলটি করতে চায়না। ধৈর্যসহকারে এই পরিস্থিতির মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন।
রোম দূতাবাস প্রবাসীদের দুঃখ-দুর্দশা বিবেচনায় এবং একইসাথে তাদের ইতালিয় নিয়োগকারীদের ব্যবসায়িক ও আর্থিক ক্ষতির বিবেচনায় একটি আশু সমাধানের লক্ষ্যে ইতালি সরকারের সংশ্লিষ্ট সকলের সাথে নিবিড় যোগাযোগ অক্ষুন্ন রেখেছে। এসময় দূতাবাসের দূতালয় প্রধান ও কাউন্সিলর জনাব সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।