শেখ নজরুল:
আমি কিন্তু গাঁয়ের ছেলে
খুব সাধারণ মায়ের ছেলে
পুকুর ঘাটে দুপুর গেছে যার
দিঘির পাড়ে কেটেছে তার সন্ধে
সারাটা দিন থাকতো ভালো-
কাদামাটির গন্ধে।
আলু ফলে ক’বার চাষে,
ক’চাষ লাগে ধানে
পেঁয়াজ কখন হয় ঝাঁঝালো
সেই ছেলেটি জানে।
আমের ডালে গল্প থাকে,
কাঁঠাল ছায়ায় গল্প থাকে
তেমনি আছে গাঁ-জড়ানো মনে
জানা আছে কেমন করে-
গাঁয়ের মেয়ে শ্রাবণ দিনের-
বৃষ্টিফোঁটা গোনে!
শালিক খোঁজা দুপুর ছিলো,
বড়শিবাওয়া দুপুর ছিলো
তারায়-তারায় ছিলো যে তার সন্ধে
সারাটা দিন থাকতো ভালো
কাদামাটির গন্ধে।