ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবস্থ সকল বাংলাদেশি অভিবাসী এবং অভিবাসী প্রত্যাশীদের জন্য সৌদি কতৃপক্ষের করোনা ভাইরাসের টিকা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যা সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ফেসবুক পেজ এ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে বিস্তারিত বলা হয়েছে যে, সৌদি সরকার সকল বাংলাদেশি অভিবাসী এবং যারা দেশটিতে নতুন করে আসবেন তাদের জন্য করোনা ভাইরাসের টিকা হিসেবে নিম্নোক্ত টিকাসমূহকে দেশটির সরকার গ্রহনযোগ্য বলে অনুমোদন দিয়েছেন:
১। ফাইজার বায়ো-এনটেক (২ ডোজ),
২। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (২ ডোজ),
৩। মর্ডানা (২ ডোজ) ও
৪। জনসন এ্যন্ড জনসন (১ ডোজ)
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসবেন তাঁরা উপরোক্ত যেকোন একটি কোম্পানির টিকার ডোজ গ্রহণ করলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
টিকা গ্রহণ করা হলেও ভ্রমণের পূর্বে (৭২ ঘণ্টার মধ্যে) অবশ্যই পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করতে হবে।
টিকার পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কোন বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে প্রবেশ করলে তাঁকে বাধ্যতামূলকভাবে ০৭ (সাত) দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ইকামাধারী অভিবাসীগণ যারা সৌদি আরবে টিকা গ্রহণ করে ছুটিতে দেশে গিয়েছেন এবং যাঁদের তাওয়াক্কালনা এ্যাপে ইমিউন প্রদর্শন করছে তাঁদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা, কিন্তু PCR-Negative সার্টিফিকেট লাগবে।
উল্লেখ্য যে, প্রথম ডোজ গ্রহণের ১৮০ দিন পর্যন্ত তাওয়াক্কালনা এ্যাপে ইমিউন প্রদর্শন করে। এ সময়ের মধ্যে ভ্রমণ করলে কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা।
যারা প্রথমবারের মত সৌদি আরব আসছেন অথবা ইকামাবিহীন অভিবাসী তাঁদের জন্য সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেয়া হলে এবং ভ্রমণের আগে ১৪ দিন অতিবাহিত হলে এবং টিকা গ্রহণের সনদ থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে সৌদি আরব আসার আগে এই লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে, https://muqeem.sa/#/vaccine-registration/home । এছাড়া বাংলাদেশে গৃহীত টিকার তথ্য সৌদি সিস্টেমে আপডেটের জন্য এই লিঙ্কে আবেদন করতে হবে-
https://www.moh.gov.sa/en/eServices/Pages/Covid19-egistration.aspx ।
সৌদি আরবে ভ্রমণ এবং কোয়ারেন্টাইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://covid19.cdc.gov.sa/travel-measures-en/