প্রবাস মেলা ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সভাপতি, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, নিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট এবং খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সভাপতি আহসানুল হক নবাবের মা সাজেদা বেগম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। ৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার রাতে রাজধানীর পুলিশ লাইন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, মরহুমার স্বামীও রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাজেদা বেগম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ২৭ জুন ২০২১ তাকে ঢাকার মিরপুর বারডেম হাসপাতাল ভর্তি করা হয়। এরপর নেয়া হয় মহাখলীস্থ ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে ৫ জুলাই, ২০২১ তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার রাতে পুলিশ হসপিটালে প্রয়াত সাজেদা বেগমের জন্য মমতার পরশে শেষ বিদায় জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের নারী দাফন টিম। সেই সঙ্গে কোয়ান্টামের ফ্রিজার ভ্যানে ৯ জুলাই ২০২১ শুক্রবার সকালে তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় এবং বাদ জুমা তার দাফন সম্পন্ন করা হয়।
রত্নগর্ভা সাজেদা বেগমের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে), কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা এর নেতৃবৃন্দ, খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সদস্যবৃন্দ ও প্রবাস মেলা পরিবার।