শেখর বরণ:
বৃষ্টি ইশারায় বলে — এই মেয়ে যাবি? আয়
দূর ঐ পাহাড়ের গায়,
সূর্য যেখানে চূড়ায় উঠে চোখ মেলে চায়।
মেয়েটি বলে — কি করে যাই!
কী আছে আমার-যে দিগন্তে পাবো ঠাঁই?
বৃষ্টি বলে চল, দেখবি যদি হাওয়ার নাচন
তালে তালে বৃক্ষের তাল আর হাসির মাতম।
হাত ধরে নাচে হিজল তমাল
শয্যা বিছায়ে থাকে পলাশের লাল।
আয় মেয়ে যাবি আয়, একসাথে শরীর ভেজাই
বর্ষার তালে তালে নাচি আর গাই।
কদম বকুল হাসে, মাতে ঘাসফুল
দোলনচাঁপা দোলে গুলনার্গিস আকুল।
আয় মেয়ে — হাত ধরে নাচি আয়
মেঘ মেদুর সজল এই ঘন বরষায়।
মন-ময়ুরী পেখম তোলে নাচে তনুমন
আয় নাচি তা-থৈ নাচি সারাক্ষণ
শ্রাবন-হদয় ভেসে যাক দূর আকাশে
বিরহী মন উড়ুক উদাসী বাতাসে।
এই মেয়ে যাবি? আয়
দূর ঐ পাহাড়ের গায়,
সূর্য যেখানে চূড়ায় উঠে চোখ মেলে চায়।