শেখর বরণ:
যেতে চাস যা, করবো না মানা
এতদিন পর এলি ক’টা দিন থেকে যা’না
গত বৈশাখে আম হয়নি ঝড়ও হয়নি তেমন
এবার অনেক মুকুল ধরেছে ঝড় হবে ভীষণ
সব আমগুলো পড়ে যাবে হয়তো
কিছুটা তো থাকবে তাতেই চলে যাবে, নয়তো
বাজার থেকে আনবো কিনে মিসরীদানা
যেতে চাস যা, করবো না মানা
এতদিন পর এলি ক’টা দিন থেকে যা’না।
শহরে থাকিস,
কোন্ ঋতু এলো কি করে জানিস?
মধুমাস কখন এলো কখন গেলো
কখনো কি ভাবিস?
আমরুল, জামরুল, ডেউয়া, বেতফল
কিংবা কাউফল, মুড়মুড়ি খেতে পারিস?
বছরে একবার না হয় আয়,
বাকী সময় থেকে যাস শহুরে ভালোবাসায়
তুই থাকলে বাড়ে বন্ধুদের বাঙালীয়ানা
যেতে চাস যা, করবো না মানা
এতদিন পর এলি ক’টা দিন থেকে যা’না।।