শাহজাহান চঞ্চল:
তুমি কেন এতো ভালবাস
কেন কাছে রাখ?
কেন দিয়েছ অধিকার
জীবনভর পাশে বসিবার?
আমার জন্য কেন
আকাশকে আঁচলে বেঁধে রাখ?
আমার পা ভিজিয়ে দিতে কেন নদীকে ডাক।
কেন জড়ো কর পাখি
বৃক্ষরাশি;
কোন সে মায়ায় আমার অন্তরের তস্তরিতে রাখ
তোমার শিউলি বকুল আঁখি?
কেন আমার প্রতীক্ষায়
উড়াও দীর্ঘ শ্বাসের ঘুড়ি?
কেন আমার জন্য বৈয়মে রাখ সুখ প্রজাপতি।
আমার জন্য কেন তুমি হও ফসলি মাঠ
উদাসী বাতাস;
কেন ঘুরে ঘুরে ঘুরে
বাঁধ নিত্য নতুন সুরে?
চন্দ্রতিথি কেন করো আমাকে
তোমার জীবনে?
আমি তো বাউল এক
ভাবনায় ছন্নছাড়া বেগ!
তুমিই আমাকে কর সংসারমুখী।
তোমার সাথেই আমার ঘর
তুমিই আপন। তূমিই পর।
সাধ আমার তোমার সাথেই পার করার
হাজার বছর।
তারপর
আছে কি আর ফের জনম
তোমাকে দেখিবার।