কৌশিক রায়, ভারত:
পথটায় পা তোমায় চালিয়ে যেতেই হবে
সেটা যতই হোক না বন্ধুর কিংবা কঠিন
হয়তো হোঁচট লাগবে, গলগল করে রক্ত ঝরবে
কিন্তু থেমে থাকলে চলবে না
ধীর গতি হলেও এগিয়ে যেতে হবে…
পা তোমায় চালিয়ে যেতেই হবে
সেটা হোক না যতই ভয়ঙ্কর কিংবা দুর্গম
হয়তো কখনো ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে যাবে
কিন্তু থামা চলবে না,
ঢুলুঢুলু চোখেই এগিয়ে যেতে হবে।
পা তোমায় চালিয়ে যেতেই হবে
সেটা হোক না যতই পিচ্ছিল কিংবা কর্দমাক্ত
ভয় লাগবে, সংশয় হবে
কিন্তু থামা চলবে না,
মনকে শক্ত করেই এগিয়ে যেতে হবে।
পথের মাঝে কাঁটাও যেমন পাবে, তেমনি সুগন্ধি ফুলেরও অভাব হবে না,
টেনে ধরার লোকও যেমন পাবে,তেমনি
হাত বাড়িয়ে দেওয়ার লোকেরও অভাব হবে না ।
তবে থামলে চলবে না, এগিয়ে যেতে হবে
রাতের অনিশ্চয়তার অন্ধকার যেমন তোমার বুককে কাঁপিয়ে দেবে,
তেমনি আশার ভোরের কিরণ তোমাকে এগিয়ে চলার অনুপ্রেরণা দেবে…
কিন্তু থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতেই হবে…
দম্ ধরে, পা তোমায় চালিয়ে যেতেই হবে
নিজের লক্ষ্যের দিকে, নিজের স্বপ্নের দিকে
নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ।
ধরতে হবে ক্লান্ত পথিকদের হাত,
শেখাতে হবে তাদের স্বপ্নের দৌড়…
জীবনে যদি থেমে যাও, তাতো মৃত্যুর সমান
তাই ধীর গতিতে হলেও পা তোমায় চালিয়ে যেতেই হবে ।