হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতেমা গভীর শোক প্রকাশ করছেন।
তিনি গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলেন, বৃহৎ এই সংগঠনের সভাপতি হিসেবে জনাব কামাল আহমেদ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে নিউইয়র্কস্থ বাংলাদেশি কমিউনিটির অপূরণীয় ক্ষতি হলো এবং নিউইয়র্ক প্রবাসী বাংলাদেসশিগণ একজন আপনজনকে হারালো। আমি জনাব কামাল আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার যুক্তরাষ্ট্র প্রবাসী যে সকল ভাই-বোনেরা অকাল মৃত্যুবরণ করেছেন আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা এসকল পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন। পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।