প্রবাস মেলা ডেস্ক: বাংলা কবিতায় অসামান্য অবদানের জন্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)’ এর সম্মাননা -২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন ফ্রান্স প্রবাসী কবি জাহাঙ্গীর হোসেন। তিনি তার কাব্যগ্রন্থ ‘চলো বদলে যাই’ এর জন্য এ মনোনয়ন পান। বাসাসপ সম্মাননা পরিষদ গত বছর ০২ নভেম্বর ২০১৯ থেকে ১০ জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত বাসাসপ সম্মাননা- ২০১৯ পুরস্কার মনোনয়নের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত গ্রন্থ আহ্বান করে। পুরস্কারের জন্য প্রাপ্ত গ্রন্থ থেকে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নানের নেতৃত্বে গঠিত বাছাই পর্ষদ। অনেক যাচাই বাছাই এর পর চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে এবার বাসাসপ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন দেশের ১৭ জন গুণী ব্যক্তি।
চূড়ান্তভাবে এই পুরস্কারের জন্য যাঁরা মনোনীত হয়েছেন তাঁরা হলেন: কাব্যরত্ন কবি হেলাল হাফিজ , গবেষণায় অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ (রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ) এবং মুসা আল হাফিজ (সহস্রাব্দের ঋণ), প্রবন্ধে তমসুর হোসেন (জীবন্ত মুজিজা আল কোরআন), রহমান মাজিদ (সভ্যতা নারী ও ইসলাম), মাসুদ রানা (গুরু-শিষ্য ভাসানী বঙ্গবন্ধু), ছোটগল্পে নাজিব ওয়াদুদ (সেরা পঁচিশ) ও নাসীমুল বারী (হঠাৎ দেখা হলো), উপন্যাসে প্রিন্স আশরাফ (অপরাধ যাপন), জোছনা হক (বুকের জমিন), ভ্রমণ কাহিনীতে নীহারেন্দু বড়ুয়া (মহাচীনের পথে), কাব্যগ্রন্থে ড. ফজলুল হক তুহিন (উজানে উৎস), আরজু আহমেদ নোমানী (ভোরের চোখে জল), মাসুদ পারভেজ (অবেলা) ও অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী (আমার গোপন দহন), শিশু সাহিত্যে আতিক হেলাল (নির্বাচিত শিশু-কিশোর ছড়া) এবং সমাজসেবা ও সুশিক্ষার প্রসারে অবদান রাখায় অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ। এছাড় সাহিত্য সংগঠন হিসেবে পুরস্কার পাচ্ছে কবি ও কবিতার বিশ্ব (কেকেবি) এবং সাহিত্যবন্ধন।

বাসাসপ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মুহাম্মদ ইয়াকুব জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ বিকাল ৩.০০ টায় রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংগঠনেরর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মনোনীত গুণীজনদের হাতে এই পুরস্কারের সম্মাননা ক্রেস্ট, প্রাইজবন্ড এবং সনদ তুলে দেওয়া হবে।