প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি এক অনুষ্ঠানে প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও ইতালি প্রতিনিধি আখি সীমা কাওসার প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেসময় তারা গুণী এই ব্যক্তির সাথে তার কর্মজীবন ও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। আলাপে এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। পত্রিকাটি হাতে পেয়ে কামাল লোহানী বলেন, ‘প্রবাসীদের নিয়ে এমন একটি প্রকাশনা সত্যিই প্রশংসার দাবিদার। এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি’।
উল্লেখ্য, কামাল লোহানী বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক। কামাল লোহানী নামেই পরিচিত হলেও তার পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। তিনি ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক সংবাদ’, ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক বার্তা’সহ বিভিন্ন পত্রিকার কর্মরত ছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়নে দুদফায় যুগ্ম-সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং গণশিল্পী সংস্থার সভাপতি ছিলেন। ১৯৬২ সালে স্বল্পকাল কারাবাসের পর কামাল লোহানী ‘ছায়ানট’ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর মার্কসবাদী আদর্শে ১৯৬৭ সালে গড়ে তোলেন ‘ক্রান্তি’। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র সভাপতি ছিলেন চার বছর (২০১২ ডিসেম্বর – ২০১৬ ডিসেম্বর)। বর্তমানে উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য।