হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের অরলান্ডোর কমিউনিটির বাঙালিরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এই দিনটির জন্য।দীর্ঘ শীতের জীর্ণতা, নীরবতা কাটিয়ে প্রকৃতি নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠে বিভিন্ন আনন্দ আয়োজনে।
তারই ফলশ্রুতিতে অরলান্ডোর বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছিল বনভোজনে। বাংলাদেশের আমেরিকান ফাউন্ডেশন এর উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার আয়োজন করা হয়েছিল বনভোজনের। অরলান্ডোর বার্ণেট পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে অরলান্ডোতে বসবাসরত বাঙালিরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করে। সকাল থেকেই প্রবাসী দলে দলে প্রাকৃতিক রূপের আধার অরলান্ডোর বার্নেট পার্কের পিকনিক স্পটে জড়ো হতে থাকে।

প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়। অরলান্ডোর কমিউনিটির প্রবাসী একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়ে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে, কেউ কেউ ঘুরে ঘুরে প্রকৃতির রূপসুধা পান করতে থাকে। এরই মধ্যে পরিবেশিত হয় দুপুরের খাবার। বনভোজনে শিশু-কিশোর, পুরুষ ও মহিলাদের বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক খেলাধূলার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। এরেই মাঝে বাজতে থাকে বিভিন্ন রকম গান। পরিবেশনার সাথে অনেকেই নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। অনুষ্ঠান শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের কর্মকর্তারা এসব পুরস্কার বিতরন করেন।

এই বনভোজনে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষ্যনীয়। তাদের অংশগ্রহণে এই বনভোজন প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।