হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলন শেষে প্রবাস মেলা’র সিনিয়র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন খ্যাতনামা ডিজাইনার পিয়াল হোসেন ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ও মডেল তমা মির্জার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকান্ডসহ গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। আলাপচারিতার এক ফাঁকে হাকিকুল ইসলাম খোকন তাদের হাতে প্রবাস মেলার কপি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নিউইয়র্কের চ্যানেল আই পরিচালক রিমন ইসলাম।

উল্লেখ্য, পিয়াল হোসেন ও তমা মির্জা ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশগ্রহণ করার জন্য নিউইয়র্ক এসেছেন। ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার থেকে নিউইয়র্ক সিটির ম্যানহাটানের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়া র্যাম্পে বিভিন্ন দেশের মডেলদের সাথে তারাও অংশ নেবেন। ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার এতে বাংলাদেশি পোশাক নিয়ে হাজির হবেন ডিজাইনার পিয়াল হোসেন। এতে শো স্টপার হবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ও মডেল তমা মির্জা। এ উপলক্ষে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন ডিজাইনার, মডেল ও আয়োজকরা। বাংলাদেশি-আমেরিকান ডিজাইনার পিয়াল হোসেন প্রথমবারের মতো নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন। তিনি জানান, শোতে জামদানী, মসলিন, পাটজাত পোশাক উপস্থাপন করা হবে।