প্রেস রিলিজ: জাতিসংঘের কাঠামোর আওতায় প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত আন্তঃরাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান Common Fund for Commodities (CFC)-এর পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নির্বাহী কর্মকর্তা) পদে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সহ মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী উক্ত পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে এবং সদস্য দেশসমূহের ভোটে রাষ্ট্রদূত বেলাল আগামী ৪ বছরের জন্য নির্বাচিত হন। বর্তমানে বাংলাদেশ, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জার্মানি, ইতালী, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশসহ ১০১টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ইত্যাদি সহ ৯টি সংস্থা এই সংগঠনের সদস্য এবং এর সদর দফতর নেদারল্যান্ডের অ্যামস্টারডামে।
CFC’র ব্যবস্থাপনা পরিচালক পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সাফল্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে দেশটির প্রতিশ্রুতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্তোষ প্রকাশের পাশাপাশি রাষ্ট্রদূত বেলালের কূটনৈতিক উৎকর্ষতার প্রতি CFC’র সদস্য রাষ্ট্র সমূহের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। CFC’র এই শীর্ষ পদে রাষ্ট্রদূত বেলালের নির্বাচিত হওয়া আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের অবস্থানকে নিশ্চিতভাবেই আরও এগিয়ে নিল। দি হেগে ৩-৪ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত সংগঠনটির গভর্ণিং কাউন্সিলের ৩১তম বার্ষিক সভায় ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে ব্যবস্থাপনা পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জন্য CFC’র গভর্ণর বাণিজ্য সচিব ড. মো: জাফর উদ্দিন উক্ত সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।
নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তৃতায় রাষ্ট্রদূত বেলাল মন্তব্য করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশ আজ সম্মান ও স্বীকৃতির যে উচ্চতায়, এই ঐতিহাসিক বিজয় কেবলমাত্র তার অতি ক্ষুদ্র এক প্রতিফলন। উল্লেখ্য, CFC প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তির বিষয়াবলী ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত UNCTAD-এ আলোচিত হয় এবং তার ধারাবাহিকতায় ১৯৮৯ সালে CFC প্রতিষ্ঠিত হয়। CFC তার নিজস্ব অর্থায়নে ভোগ্যপণ্য উৎপাদনকারীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্প সহায়তা প্রদানের মাধ্যমে সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।