কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ- সৌদিআরবের মধ্যে হজ চুক্তি সম্পন্ন হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার স্থানীয় সময় ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে বৈঠকে মিলিত হন সৌদিআরবের হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত-এর নেতৃত্বে সৌদি প্রতিনিধি দলের সদস্যরা।
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যেসব প্রস্তাব উপস্থাপন করা হলো সেগুলো হলো :
১. হজ যাত্রীর কোটা বাড়ানো। ২. রুট টু মক্কা ইনিসিয়েটিভের আওতায় শতভাগ হজ যাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে করা এবং হজ শেষে দেশে ফেরার সময় জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হাজিগণের ইমিগ্রেশন সহজ করা। ৩. হাজিগণ যাতে ৪২ দিনের পরিবর্তে ৩০ দিনের কম সময়ে দেশে ফিরতে পারেন সে উদ্যোগ নেওয়া। ৪. ভিসা প্রসেসিং সহজ করা। ৫. খাওয়া-থাকাসহ সৌদিআরবে বাংলাদেশী হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানো। ৬. কালো তালিকাভুক্ত বেসরকারি এজেন্সীর তালিকা দ্রুত প্রকাশ করা। ৭. হাজিগণের জন্য বাধ্যতামূলক খাবার সরবরাহের প্রথা বন্ধ করা এবং মিনায় উন্নতমানের বাংলাদেশী খাদ্য পরিবেশন ও উন্নতমানের আবাসনের ব্যবস্থা করা ৮. হজের সময় বাংলাদেশে আইন লঙ্ঘন করে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। ৯. হাজি পরিবহনে বাস সার্ভিস উন্নত করা। ১০. বাংলাদেশী হাজিদের জন্য ট্রেন পরিবহন সার্ভিস বাড়ানো।
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: আনিছুর রহমান, সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মিজানুর রহমান, কাউন্সিলর হজ মুহম্মদ মাকসুদুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, হজ পরিচালক (আশকোনা হজ অফিস, ঢাকা) ও হজ এজেন্সীজ এসোসিয়েশন আব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাৎ হোসাইন তাসলিমসহ ৯ জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সৌদিআরবের হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত-এর নেতৃত্বে সৌদি প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সচিব ডক্টর হোসাইন বিন নাসের শরীফ, হজ অফিসের মহাপরিচালক হুসনী বিন আব্দুল্লাহ বুসতাজীসহ সৌদিআরবের ১০ জন বৈঠকে উপস্থিত ছিলেন।