আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আউস্ট অ্যালামনাইয়ের গালা নাইটের আয়োজন করে। সিডনির ওয়েন্টওয়ার্থভিল রেডগাম ফাংশন সেন্টারে প্রাক্তন শিক্ষার্থীরা এ উৎসবে প্রাণের বন্ধনে একে অন্যের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয় কয়েক মুহূর্তের জন্য।
ক্যাম্পাস জীবনের অসংখ্য স্মৃতিচারণের লক্ষ্যে সম্প্রতি একটি দিন আনন্দের ভেলায় ভাসলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। স্মৃতি রোমন্থনে সহপাঠীদের সঙ্গে মাতলেন গল্প, আড্ডা আর গানে। খুঁজে পেয়েছেন ক্যাম্পাস জীবনের সেই উচ্ছল, বাধাহীন, তারুণ্য ও যৌবনের ছোটগল্পগুলো।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয়সংগীত পরিবেশিত হয়। বুয়েটের নিহত ছাত্র আবরার ও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে নিহত শহীদ এর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজক কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। আয়োজক কমিটির মধ্যে ছিলেন দেবানন, নাদিম, শায়ের, অপু, চিশতী, হাসিব ও শুভ। মিলনমেলার জন্য একটি ম্যাগাজিন প্রকাশ করেছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে ছিলেন সাইফুর রহমান অপু।

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আউস্ট এর প্রাক্তন শিক্ষার্থী হাসিব জামান, আল এমরান নিক্কন, তামিমা, মিতু এবং সিডনির প্রখ্যাত ব্যান্ড ’ট্রিও’। এছাড়াও সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘পুরানো সেই দিনের কথা’ গানটি ।
সিডনি ছাড়াও ক্যানবেরা, মেলবোর্ন, ব্রিসবেন ও এডিলেড থেকেও প্রাক্তন অস্ট্রিলিয়ানরা উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়াও সুদূর কানাডা, যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকেও আউস্ট এর কিছু প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিশ্ব: প্রাক্তন শিক্ষক ও অস্ট্রেলিয়ার বর্তমানে চার্লস স্টুার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনোরঞ্জন পল।
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি বাংলাদেশ (এক্স-আউস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সিডনিতে প্রথমবার অনুষ্ঠানটি করেন এবং এখন থেকে তাঁরা নিয়মিতভাবে প্রতি বছর মিলনমেলার আয়োজন করবে। এই অনুষ্ঠানে স্পনসরদের ক্রেস্ট প্রদান করা হয়। নৈশভোজ পর আয়োজকরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।