হাকিকুল ইসলাম খোকন ও আখি সীমা কাওসার, বার্সেলোনা, স্পেন থেকে ফিরে:
‘প্রবাসীদের অধিকার ও বাংলাদেশের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে মহাসমারোহে ২২ ও ২৩ অক্টোবর ‘কানেক্ট বাংলাদেশ’র বিশেষ অধিবেশন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বার্সেলেনায় বাংলাদেশের প্রবাসী অধ্যুষিত এলাকায় প্রতিষ্ঠিত মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত বিভিন্ন দেশ থেকে আগত কেন্দ্রীয় সমন্বয়ক ও সদস্যসহ স্থানীয় সাংবাদিক, কমিউনিটি নেতা ও প্রবাসীদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসী অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকারের আলোকে ‘বার্সেলোনা ইশতেহার’ ঘোষণা করা হয়।
২২ অক্টোবর, স্থানীয় সময় ১১:৩০ টায় অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্বে সভাপতিত্ব করেন লন্ডন থেকে আগত কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল মাবুদ সাঈদ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধি ও অতিথিদের প্রাথমিক পরিচিতি পর্বের পর বার্সেলোনা’র মধুর ক্যান্টিনের স্বত্তাধিকারী শফিক খানের সার্বিক তত্ত্বাবধানে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
কানাডা থেকে আগত পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে ও ফ্রান্সের কেন্দ্রীয় সমন্বয়ক রহমতুল্লাহ সাদী রমু’র সঞ্চালনায় একই দিনে বিকেল তিন ঘটিকায় মূল অধিবেশন শুরু হয়। যা মুলতবি করে পরবর্তী দিনে ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে আনন্দঘন, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মূলত: অনুষ্ঠান শেষ করা হয়।
মূল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কানেক্ট বাংলাদেশকে “কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল” নামকরণ করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে রোম, ইতালিতে গৃহীত গঠনতন্ত্র কেন্দ্রীয় সমন্বয়ক ও পরিকল্পনা পরিষদের সদস্যদের হাতে যথাসময়ে না পৌঁছানোকে কেন্দ্র করে ব্যক্তিবিশেষ কর্তৃক প্রেরিত গঠনতন্ত্র নিয়ে নানাবিধ আপত্তিজনিত কারনে গঠনতন্ত্রের সংশোধন,পরিবর্ধন,পরিমার্জন জরুরী হয়ে পড়ে।অত:পর পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়কদের সর্বসম্মত সিদ্ধান্তে বার্সেলোনা’য় বিশেষ অধিবেশন ও সাংগঠনিক সভায় মিলিত হয়ে গঠনতন্ত্রের সংশোধন সহ সংগঠনকে গতিশীল করার জন্য নানামুখী কর্মপ্রক্রিয়া গ্রহণ করা ছাড়া সংগঠনের অন্য কোন বিকল্প ছিলোনা।
আলোচনা অনুষ্ঠানে পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে সিকদার গিয়াসউদ্দিন (যুক্তরাষ্ট্র), আবুতাহের মোহাম্মদ গিয়াসউদ্দিন খিজির (গ্রেট ব্রিটেন), হাবিব রহমান (ফ্রান্স), বাবুল তালুকদার (গ্রেট ব্রিটেন) হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র), মনসুর চৌধুরী (ফ্রান্স), কামরুজ্জামান (জার্মানি), আফসার হোসেন নীলু (স্পেন), আখি সীমা কাওসার (ইতালী), নুরুল আমিন (গ্রেট ব্রিটেন), জাফর আজাদী (ফ্রান্স) কুদরত উল্লাহ (সুইডেন), ডা: গিয়াসউদ্দিন আহমেদ (গ্রেট ব্রিটেন), এ বি এম সালেহউদ্দিন (যুক্তরাষ্ট্র), তোফায়েল আহমেদ মুক্তা (গ্রেট ব্রিটেন), সালাহউদ্দিন আইরেন (সুইজারল্যান্ড) প্রমুখ অংশ নেন।
অতিথিদের মধ্যে যুক্তরাষ্ট্রের হলিউড থেকে আগত পর্যটন ও হস্তশিল্প বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান বাবুল, গ্রেট ব্রিটেন থেকে ফারুক চৌধুরী, ডা:মাহমুদুর রহমান মান্না, সুইজারল্যান্ড থেকে ইউসূফ খান মজলিশ ও আরো অনেকে অংশগ্রহণ করেন।

আলোচনায় সর্বসম্মতিতে পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়ক সদস্য ছাড়াও আগামী সম্মেলনে একটি উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব গৃহিত হয়। গঠনতন্ত্র সংশোধনীর এক পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে আক্রমনাত্মক কথা বলার প্রচেষ্টা পরিলক্ষিত হলে পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়ক সদস্য সিকদার গিয়াসউদ্দিন বাংলাদেশের প্রবাসীদের বিশ্ব সংগঠনের সভায় বিশ্বমানের আচরণে শিষ্টাচার মেনে চলার বিনীত অনুরোধ জানান।অশিষ্ট আচরণ বরদাশত করা হবেনা বলে হুশিয়ারী দিলে পরিবেশ শান্তিপূর্ণ হয়ে উঠে।অত:পর দ্রুততম সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধন,পরিবর্তন ও পরিবর্ধনের কাজ শেষ হলে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে ১) মোহাম্মদ ইলিয়াছ মিয়া, ড:এ টি এম গিয়াসউদ্দিন খিজির, আবদুল মাবুদ সাঈদ, মনসুর চৌধুরী, কুদরত উল্লাহ, রহমতুল্লাহ সাদী রমু ও সিকদার গিয়াসউদ্দিন। আগামী সম্মেলনের আগে উক্ত কমিটি গৃহিত খসড়া গঠনতন্ত্র চুড়ান্ত করে কমিটির সকলের কাছে প্রেরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুন নূর দুলাল, লুৎফা হাসীন রোজী, মোহাম্মদ আলী জিন্নাহর অব্যাহতি নিয়ে আলোচনার পর তা স্থায়ীভাবে বলবৎ করার সিদ্ধান্ত গৃহীত হয়। অব্যাহতিপ্রাপ্ত তিন সদস্য ব্যতিত আগামী সম্মেলন পর্যন্ত পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়ক সদস্য অপরিবর্তীত রাখা হয়েছে। অতিথিদের সকলকেই সাধারণ সদস্য হিসাবে গ্রহন করা হয়েছে।
অবশেষে সকলের সম্মতিতে বার্সেলোনা ইশতেহার ঘোষণা করে সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মিয়া সভার সমাপ্তি ঘোষণা করেন। টানা দুইদিন ধরে অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য সকলেই সভাপতির অকুন্ঠ প্রশংসায় উচ্চসিত ছিলো।
পরবর্তী অধিবেশনে স্পেনের প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আনন্দঘন প্রশ্নোত্তর পর্ব সকলেই উপভোগ করেন। সংগঠনের প্রসারে সাংবাদিকগণও বক্তব্য রাখেন। আফছার হোসেন নীলু সহ স্পেন কমিটি ঘোষণা করা হয়। অত:পর বিভিন্ন দেশ থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকদের বইয়ের মোড়ক উন্মোচন এবং বার্সেলোনার স্থানীয় শিল্পীদের মনমনোহর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রাত ৯ টায় পুরো অধিবেশনের সফল সমাপ্তি ঘটে।