জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য শাখার উদ্যোগে শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সম্মানে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ থেকে পারিবারিক সফরে যুক্তরাজ্যে আগমন উপলক্ষে পূর্ব লন্ডনের বারকিং রোডের অ্যারোমা এক্সপ্রেসে (Aroma Express) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল। সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক মুনীর হোসেন ও যুগ্ম সম্পাদক নাহিদ গোরাপী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদ সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল সিকদার, কাউন্সিলর নজরুল ইসলাম বাব্লু, কাউন্সিলর মেহমুদ মির্জা, এনামুল হক সরদার এবং নিউহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল্লাহ রিস্কুসহ যুক্তরাজ্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সরদার, নাসির মাদবর, এমদাদুর রশিদ সুমন, শাহ আলম, সুলতান সরদার, হাবিব রহমান মোল্লা, ইউসুফ হোসেন, সহ-সভাপতি উজ্জ্বল কাজী, দপ্তর সম্পাদক সাগর শেখ, মোবাশ্বের হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
মতবিনিময় পর্বে উপস্থিত প্রবাসীরা শরীয়তপুর-১ আসনের বিভিন্ন উন্নয়ন ও জনভোগান্তি নিয়ে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের কাছে প্রশ্ন উত্থাপন করেন। জবাবে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনসেবার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের সমস্যার সমাধানে তিনি কাজ করবেন।
এ সময় উপস্থিত অতিথিরা তার এ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, একজন জনপ্রতিনিধির এমন তাৎক্ষণিক উদ্যোগ ও জবাবদিহিতার মানসিকতা প্রবাসীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। অনেকেই মন্তব্য করেন, এ ধরনের দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্ব দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম তুহিন।