প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবিতা ও আবৃত্তিনির্ভর সাংস্কৃতিক আয়োজন ‘শ্রাবণে প্লাবনে আবৃত্তি সন্ধ্যা’। সাংস্কৃতিক সংগঠন ‘নটনন্দন’ আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ, শামসুর রাহমান, আল মাহমুদ, রফিক আজাদ ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহসহ প্রয়াত কবিদের কবিতা আবৃত্তির পাশাপাশি সাতজন জীবিত কবি স্বরচিত বর্ষার কবিতা পরিবেশন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কবি ড. শরীফ আস্-সাবের। প্রধান অতিথি ছিলেন বুরো বাংলাদেশের চেয়ারপারসন, কবি ও মুক্তিযোদ্ধা ড. মাহবুব সাদিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক ছিলেন বিশ্ববাতায়নের কবি-সম্পাদক সালেম সুলেরী।
অনুষ্ঠানে স্বাগত কবিতা পাঠ করেন ‘প্রত্যয়’-এর সম্পাদক কবি ফেরদৌস সালাম এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক কবি রহিমা আখতার কল্পনা। স্বাগত বক্তব্য দেন নটনন্দনের সভাপতি ও আবৃত্তিশিল্পী রবিউল আলম রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইমরোজ সোহেল।
আয়োজনে প্রয়াত আটজন কবির কবিতা আবৃত্তির পাশাপাশি জীবিত সাতজন কবি—হাসান হাফিজ, ফেরদৌস সালাম, সালেম সুলেরী, রেজাউদ্দিন স্টালিন, ইমরোজ সোহেল, রহিমা আখতার কল্পনা এবং আলমগীর জুয়েল—নিজেদের স্বরচিত বর্ষার কবিতা পরিবেশন করেন। এছাড়া শিশুনন্দনের ২০ জন শিশু-কিশোর ছড়া আবৃত্তি করে। প্রায় ২০ জন কবি ও আবৃত্তিশিল্পীর পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষাসেবী ও মার্কিন প্রবাসী মোশাররফ হোসেন চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ড. শরীফ আস্-সাবের কবিতা ও আবৃত্তিচর্চার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি ড. মাহবুব সাদিক বলেন, “আমি অভিভূত। বৃষ্টির প্রধান কবি রবীন্দ্রনাথকে আবৃত্তিতে পেয়ে ভালো লাগলো।” কবি হাসান হাফিজ অনুষ্ঠানের অনলাইন সম্প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা কবিতাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক সালেম সুলেরী বলেন, “কথা কম, কবিতা বেশি।” এ সময় তিনি নিজের একটি কবিতাও আবৃত্তি করেন।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন নাসিম আহমেদ, শায়লা আহমেদ, রবিউল আলম রবি, সাবেরা খান, বিথী কবির, শাহনাজ লিপি, মাহাবুব মুকুল, আরিফা প্রেমা, তামান্না আফরিন, লাবণ্য সীমা, ফেরদৌসী মালা, শাহিনা আফরোজ, মরিয়ম রহমান, মামুন মজিদ, তারেক হাসিব, মাহবুব টিটুসহ আরও অনেকে। সমাপনী পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন মাহাবুর রহমান।
আয়োজকরা জানান, নটনন্দনের পরবর্তী অনুষ্ঠান আগামী ২৯ ও ৩০ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। কবি কাজী নজরুল ইসলামের অর্ধশততম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ওই আয়োজনে থাকবে কথা, কবিতা ও আবৃত্তির মাধ্যমে বিশেষ শ্রদ্ধাঞ্জলি।