প্রবাস মেলা ডেস্ক: ৬ষ্ঠ বারের মতো শুরু হয়েছে চায়না এডুকেশন এক্সপো- ২০১৯। শুক্রবার থেকে ২দিন ব্যাপী চীনে পড়ুয়া ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে দেশের সবচেয়ে বড় এ শিক্ষা মেলা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হয়েছে। মেলা চলবে আজ ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ পর্যন্ত।
এর আগে ২৫ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সানজেন ইন্টারন্যাশনাল-এর সিইও মনিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জ্যোতির্ময় ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. পার্থ স্বারথী গাঙ্গুলী। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) এর সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা এখন অনেকদূর এগিয়েছে। এজন্য সরকার তাদের পৃষ্ঠপোষকতাও দিচ্ছে। বাংলাদেশের মেধাবী ছাত্ররা এখন বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছে। শুধু তাই নয় তারা বিদেশে লেখাপড়া শেষ করে দেশে এসে অর্জিত মেধাকে কাজে লাগাচ্ছে।আর এর ধারাবাহিকতা বজায় থাকলে উন্নত দেশ গঠনে এই প্রজন্ম অনেক বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান সানজেন ইন্টারন্যাশনাল এর কর্নধার মনরিুল হক বলেন, চীনে উচ্চশিক্ষা নিয়ে সানজেন ২০০৭ সাল থেকে কাজ করে আসছে। এবারের আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে চায়নার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে। এ ছাড়াও চীনের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরাসরি কথা বলে ভর্তির সুযোগ আছে। তিনি বলেন, এর আগে ৫ বার বাংলাদেশে চায়না শিক্ষামেলার আয়োজন করেছে সানজেন। যেখানে বাংলাদেশী শিক্ষার্থীদের প্রচুর সাড়া পাওয়া গেছে।
এই এক্সপোতে আগ্রহী শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপের জন্য কী যোগ্যতা প্রয়োজন তাও জানতে পারবেন।
এবারের এক্সপোতে রয়েছে : প্রবেশ ফ্রি, চীনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় সমূহের প্রতিনিধির সাথে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, সার্ভিসের উপর বিশেষ ছাড়, ফাইল ওপেনিং এ আকর্ষণীয় গিফট।