আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোম বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৩ অক্টোবর ২০১৯ ইতালির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সারদেনা (Sardegna) রাজধানীর কালেরিয়া শহরে এক বাণিজ্যিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । চেম্বার ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে চেম্বার অব কমার্সের সহ-সভাপতিসহ প্রায় ৩০ জন ইতালিয়ান ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
বাংলাদেশের উন্নয়ন চিত্র, বিদ্যমান বিনিয়োগ বান্ধব পরিবেশ, বিনিয়োগের সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্র এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের দেওয়ার বিভিন্ন সুযোগ -সুবিধার বিষয়ে সেমিনারে বিশদ আলোচনা করা হয়।

ইতালির রোমের মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জনাব এম. মুসকাস। স্বাগত বক্তব্য দেন সারদেনিয়ায় বাংলাদেশ অনারারি কনসাল ডা. সালবাতরে ফ্লোরিস। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) জনাব রাজীব ত্রিপুরা অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাষ্ট্রদূত প্রথমে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে উপস্থিত ব্যবসায়ীদের অবহিত করেন। এরপর উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ সম্পর্কে এবং বিগত ১০ বছরে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে সেমিনারে বক্তব্য দেন।
তিনি আরো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণে অর্থনৈতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ।আর এর সম্পর্ক উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ভূমিকার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য ।

সেমিনারে ইকোনমিক কাউন্সিলর জনাব মানুষ মিত্র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন । সবশেষে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ(BEZA) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়নের কতৃপক্ষ (BIDA) এবং হাই-টেক পার্ক-বিনিয়োগ করার সুযোগ হাহা সহ বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ- সুবিধা এবং বিনিয়োগের ক্ষেত্রগুলো তুলে ধরেন । বিনিয়োগের প্রধান সম্ভাব্য ক্ষেত্র হিসেবে তিনি পোশাক শিল্প ,কৃষি, প্রক্রিয়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল, তথ্যপ্রযুক্তি চামড়া ও চামড়াজাত পণ্য লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিক নবায়নযোগ্য শক্তি ব্লু ইকোনমিসহ বিস্তারিত তুলে ধরেন।
উপস্থাপনার পর প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ব্যবসায়ীরা বিপুল আগ্রহ ও স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন-উত্তর ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের যুগোপযোগী ট্যাক্স হলিডে, উদার বাণিজ্য নীতি ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন দিক ও অগ্রগতির বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ও ইকোনমিক কাউন্সেলর মানস মিত্র এসব প্রশ্নের উত্তর দেন।
সন্ধ্যায় কালিয়ারি সিভিল সোসাইটির ক্লাব ডমিশিয়ান ডাইনিংয়ের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদিনিয়া অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের অনারারি কনসালবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বাংলাদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক এবং সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সকল বিষয়ের উপর আলোকপাত করেন। এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রদূত সারদেনিয়া প্রদেশের প্রশাসনিক প্রধান প্রিফেক্ট জনাব বি. কোরদার সঙ্গে তার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রিফেক্ট জনাব বি. কোরদার সারদেনিয়ার প্রদেশ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
তিনি জানান, সাত শতাধিক বাংলাদেশি নাগরিক তার প্রদেশে বসবাস করছেন। যাদের মধ্যে দেড়শ’ জনেরও বেশি উদ্যোক্তা এবং অন্যরা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। বাঙালিদের সৎ এবং কঠোর পরিশ্রমী হিসেবে উল্লেখ করেন এ প্রশাসনিক প্রধান। রাষ্টদূতও বাংলাদেশ সম্পর্কে প্রিফেক্টের কাছে তুলে ধরেন এবং বাংলাদেশি নাগরিকদের সারদেনিয়া অঞ্চলে সম্মানের সঙ্গে বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত জানান, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা কৃষি কাজে এবং ট্যুরিজম সেক্টরে দক্ষতার সঙ্গে কাজ করে ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সারদিনিয়া অঞ্চলের কৃষি এবং ট্যুরিজম সেক্টরের উন্নয়নের জন্য বাংলাদেশ সার্বিক সহযোগিতা করতে পারবে বলে তিনি প্রিফেক্টকে জানান।