প্রবাস মেলা ডেস্ক: নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো ।
৯ অক্টোবর ২০১৯ বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাব আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এ দাবি জানান। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিকাব টক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে আমরা ব্যথিত। এই হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে জাতিসংঘ থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে বলে জানান তিনি।
ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের কিছু নেতাকর্মী। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।
এ ঘটনায় ছাত্রলীগের ১১ নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।