প্রবাস মেলা ডেস্ক: আমরা সবাই মঞ্চকুড়ি, নটনন্দনে ফুটবো এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের যৌথ আয়োজনে সারা বাংলাদেশের শিশুদের অংশগ্রহণে বাংলাদেশের সর্বোবৃহৎ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ‘চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯’ অনুষ্ঠিত হচ্ছে।
৬৪ জেলার সাংস্কৃতিক দল এবং ৯৬টি শিশু নাট্য সংগঠনের দশ হাজারেরও বেশী শিশু- কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই জাতীয় উৎসব। ৯দিন ব্যাপি এই উৎসব শুরু হয়েছে গত ২০ সেপ্টেম্বর এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
সারাদেশ থেকে আগত শিশু-কিশোর শিল্পীরা পরিবেশন করছে- নাটক, একক অভিনয়, স্কুল থিয়েটার, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, ছবি আঁকা ইত্যাদি। আগত শিশুদের জন্য থাকছে আ্যক্রোবেটিক প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পাপেট থিযেটার, ঐতিহ্যবাহী পুতুল নাট্য, পাপেট নির্মাণ কর্মশালা, যাদু প্রদর্শনী, বঙ্গবন্ধু পুস্পকানন নির্মাণ, মঞ্চকুঁড়ি পদক প্রদান, শিশু নাট্য পদক প্রদান, শিশু আনন্দমেলা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনা।
আয়োজক কর্তৃপক্ষ জানান, উৎসবে ৯৬টি শিশু নাট্যদলের পরিবেশনা থাকছে। একাডেমির জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, জাতীয় সঙ্গীত ও নত্যকলা কেন্দ্র মিলনায়তন ও একাডেমি প্রাঙ্গনসহ ৮টি ভ্যানুতে প্রতিদিন ৯টি জেলার ৮৫টি পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন জনাব লিয়াকত আলি লাকী বলেন, শিশুরাই জাতির আশা ও ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের পাশাপাশি শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুরা পরিপূর্ণ মানুষরুপে গড়ে উঠতে পারে। আজকের শিশুরাই ২০৪১ এর উন্নত বাংলাদেশ গড়তে ভ’মিকা পালন করবে। এই উৎসবের মাধ্যমে শিশু নেতৃত্ব গড়ে উঠবে।
তিনি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কাজ করছে। বর্তমানে শিল্পকলা একাডেমির কর্মকান্ড ৬৪ জেলা থেকে ৪৯৩ টি উপজেলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পিপলস থিয়েটার এসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিশুদের মননশীলতার বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ইতোপূর্বে পিপলস থিয়েটার এসোসিয়েশন সারাদেশে শিশুনাট্য কর্মশালা, জাতীয় শিশুনাট্য উৎসব ও ৭টি বিভাগে বিভাগীয় শিশুনাট্য উৎসব আয়োজন করেছে।‘বিকশিত শিশু, আলোকিত আগামী’ এ প্রত্যয় নিয়ে পিপলস থিয়েটার এসোসিয়েশন জন্মলগ্ন থেকেই সারাদেশে শিশুনাট্য আন্দোলন পরিচালনা করছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের যৌথ আয়োজনের এই উৎসব চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।