হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ দিনের সরকারি সফরে রবিবার স্থানীয় সময় বিকেলে আবুধাবী হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে, একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থা করবেন।
এরআগে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে এক দিনের যাত্রাবিরতি শেষে গতকাল রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। তিনি শুক্রবার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ক্লাইমেট এ্যাকশন সামিটে বক্তব্য রাখবেন এবং ‘রিকগনাইজিং পলিটিক্যাল লিডারশিপ ফর ইম্যুনাইজেশন ইন বাংলাদেশ’ বিষয়ক অনুষ্ঠানে যোগ দেবেন।
২৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রধানমন্ত্রী লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শেখ হাসিনা জাতিসংঘ সদরদপ্তর (ইউএনএইচকিউ) বুথে জাতিসংঘ মহাসচিবের স্পেশাল এডভোকেট ফর ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট কুইন মেক্সিমার সাথে বৈঠক করবেন। তিনি জাতিসংঘ সদর দপ্তরের ৭ নম্বর কনফারেন্স রুমে গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি নর্থ ডেলিগেট’স লাউঞ্জে জাতিসংঘ মহাসচিব আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন। তিনি জাতিসংঘ সদর দপ্তরের ১১ নম্বর কনফারেন্স রুমে বাংলাদেশের স্থায়ী মিশন ও ওআইসি সচিবালয় আয়োজিত মিয়ানামারে রোহিঙ্গা সংখ্যালঘুদের অবস্থার ওপর একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দিবেন।
শেখ হাসিনা ইউএনএইচকিউ এর ইসিওএসওসি চেম্বারে ‘লিডারশিপ ম্যাটার্স-রিলেভ্যান্স অব মহাত্মা গান্ধী ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।
২৫ সেপ্টেম্বর, ট্রাস্টিশিপ কাউন্সিলে টেকসই উন্নয়ন (এসডিজি সম্মেলন) শীর্ষক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে ‘লোকালাইজিং দ্য এসডিজিস’ এ কো-মডারেটরের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী। তিনি কাউন্সিল অন ফরেন রিলেশনসে ‘এ কনভারসেশন উইথ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষ একটি অনুষ্ঠানে অংশ নেবেন।