হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ শহিদুজ্জামান এর নেতৃত্বে তিন সদস্যের একটি সরকারী প্রতিনিধি দল ১৬ সেপ্টেম্বর ২০১৯ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁদেরকে স্বাগত জানান।
কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ শহিদুজ্জামান প্রবাসীদের সর্বোত্তমভাবে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদানে কনস্যুলেটের গৃহীত বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি কনস্যুলেটের সার্বিক সেবার মান বৃদ্ধি এবং কনস্যুলেটের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও উল্লেখ করেন।
তিনি বলেন, বিদেশে কর্মরত প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতিসাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীদের যথাযথ সেবা প্রদানের ক্ষেত্রে কোন প্রবাসী যেন হয়রানীর স্বীকার না হন সে বিষয়টি খেয়াল রাখার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের ‘সোনা বাংলা’ বিনির্মাণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া’ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান। এ সময় তিনি বিদেশে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করে আমাদের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী কালিনারী তুলে ধরে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করার আহবান জানান।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেট এর সার্বিক কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সচিব জনাব মোঃ শহিদুজ্জামান এবং প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।