আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ সংগঠন সিডনির ল্যাকান্বার ইউনাইটিং চার্চে তিনদিনব্যাপী ঈদ মেলার আয়োজন করেছে। ২৭ জুলাই, ৩ ও ১০ আগস্ট (পরপর তিন শনিবার) এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজক ‘শাহিন’স বুটিক’ ও ‘বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও’ জনপ্রিয় ফ্যাশন হাউস।
বাংলা কমিউনিটির ল্যাকান্বাতে এই ঈদ মেলাটি খুব জনপ্রিয়। বিগত বছরগুলোর মতো এবারের মেলায় সিডনি, মেলবোর্নে ও ক্যানবেরার বিখ্যাত ফ্যাশন হাউসগুলো অংশগ্রহণ করছে। প্রবাসে বাংলাদেশের ঈদের আমেজ ও দেশীয় ঐতিহ্যবাহী পোশাককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন।
সিডনিতে বসবাসরত মেলায় নারী উদ্যোক্তারা দেশীয় শাড়ী, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, ছোটদের পোশাক, গহনা, খাবার ও রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে বসেন। প্রতিবছরই দুটি ঈদে (নির্ধারিত শনিবার) এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে কয়েক বৎসর যাবত।
আয়োজক শাহীন আকতার স্বর্ণা ও শিরিন আক্তার মনে করেন, ভবিষ্যতে ত্রিমাত্রা মেলাতে আরও নতুন কিছু উপহার দিতে পারবেন এবং ঈদ মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য বাংলাদেশি কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।