সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: মাল্টিকালচারাল দেশ অস্ট্রেলিয়ায় মূলধারার গণমাধ্যমের সমান্তরালে বিভিন্ন ভাষাভাষীদের কমিউনিটি মিডিয়ার প্রকাশনাগুলো প্রতিনিয়তই তথ্যের সম্প্রচার ও গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
বিভিন্ন ভাষার পাশাপাশি অভিবাসীদের কমিউনিটিতে ইংলিশ ভাষাতে যে অল্প কয়টি পত্রিকা প্রকাশিতা হয় তাদের মাঝে অস্ট্রেলেশিয়ান মুসলিম টাইমস বা এমাস্ট পুরো অস্ট্রেলিয়া জুড়ে একটি সুপরিচিত নাম। সম্প্রতি সিডনির এক অভিজাত ফাংশন সেন্টারে মুসলিম মিডিয়ার ৫ম বার্ষিকী উপলক্ষে পত্রিকাটির আয়োজন করেছিলো এ্যাওয়ার্ড নাইট এবং নৈশভোজ অনুষ্ঠানের।
২০ জুলাই ২০১৯ শনিবার সন্ধ্যায় ব্যাংকসটাউনে অবস্থিত হাইলাইন ভেনুতে অনুষ্ঠিত এই এ্যাওয়ার্ড নাইটে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। এমাস্টের প্রকাশনা প্রতিষ্ঠান সিনা ইনকর্পোরটেডের উদ্যোগে আয়োজিত এই এ্যাওয়ার্ড নাইটে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কৃতি ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানকে সম্মাননায় ভূষিত করা হয়। অন্যান্যদের পাশাপাশি এই অনুষ্ঠানে কমিউনিটি মিডিয়া হিসেবে অবদানের জন্য একমাত্র সুপ্রভাত সিডনিকে রিকগনিশন এ্যাওয়ার্ড প্রদান করা হয়। উপস্থাপিকা জেন জেফেস এর ভূমিকার মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইবরাহিম কারাইসলি। এরপর উদ্বোধনী বক্তব্যে সিনা ইনকর্পোরেটেড এর প্রেসিডেন্ট মিসেস মেহের আহমেদ অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির ইতিহাস এবং এমাস্টের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকেম্বা আসনের স্টেট সংসদ সদস্য অনারেবল জিহাদ দীব এমপি। তিনি বক্তব্যে বলেন, আধুনিক অস্ট্রেলিয়ার ইতিহাসের সাথে মুসলিম অভিবাসীদের অবদান অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। সারা পৃথিবী থেকে সব ধর্ম ও বর্ণের মানুষ এদেশকে আপন করে নিয়েছে। মুসলিমরাও তার ব্যতিক্রম নয়।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেইস ডিসক্রিমিনেশন কমিশনার চিন টান। তিনি বলেন, আধুনিক এবং অগ্রসর একটি সমাজে বর্ণবাদের কোন স্থান নেই। ভবিষ্যতের পৃথিবীকে বৈষম্যমুক্ত এবং বর্ণবাদমুক্ত করার সংগ্রামে গণমাধ্যমগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি এমাস্টের অবদানের প্রশংসা করে এর ভবিষ্যত সমৃদ্ধি কামনা করেন।এমাস্ট সম্পাদক জিয়া আহমেদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে পত্রিকা হিসেবে নব্বই এর দশকে এমাস্টের যাত্রার কথা উল্লেখ করেন।
এ্যাওয়ার্ড নাইটের আকর্ষণীয় এই অনুষ্ঠানমালায় বক্তব্যের মাঝে মাঝে তুর্কী-উইঘুর শিল্পী সোহরাত তুরসুন এর পরিবেশনায় হামদ এবং নাতের লোকজ সুরে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়। এছাড়াও ছিলো চাইনিজ সিংহ নৃত্য।
অনুষ্ঠানে বিভিন্ন লেখক ও সামাজিক ব্যক্তিত্বকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক আবদুল মতিন, সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সহ সভাপতি শিবলী আব্দুল্লাহ, সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ, সম্পাদক ড. ফারুক আমিন এবং রিপোর্টার গোলাম মোস্তফা উপস্থিত থেকে সুপ্রভাত সিডনির পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন।