জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৯৫২’সালে প্রতিষ্ঠিত প্রাচীন সংগঠন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইন ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা প্রবাসী মৌলভীবাজারবাসীর স্বত:স্ফূর্ত উপস্থিতিতে বর্ণাঢ্য নানা আয়োজনে এই প্রথমবারের মতো বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারী মিলনমেলা।
৯ জুন স্থানীয় পিকাডিলি বাঙ্কুয়েটিং হলে আয়োজিত এ মিলনমেলায় লন্ডন, লুটন, ম্যানচেষ্টার, ওল্ডহাম, শেফিল্ড, লিভারপুল, ষ্টোকেন্ট ট্রেন্ট, কভেন্ট্রি, কার্ডিফ, নিউক্যাসল, সোয়ানসী, পোর্টসমাউত এর পাশাপাশি সুদূর আয়ারল্যান্ড-স্কটল্যান্ড থেকেও ছুটে এসেছিলেন মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলার প্রবাসী মৌলভীবাজারবাসীরা। মূল অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই অনুষ্ঠানস্থল বার্মিংহামের পিকাডিলি বাঙ্কুয়েটিং হল মৌলভীবাজারবাসীর উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। পরিবার পরিজন নিয়ে আসা মৌলভীবাজারবাসীদের সরব পদচারনায় মূখরিত হয়ে উঠা বাঙ্কুয়েটিং হলটি তখন হয়ে উঠে একখন্ড মৌলভীবাজার।

মৌলভীবাজারী মিলনমেলায় অংশ নিয়ে যুক্তরাজ্যেও মৌলভীবাজার প্রবাসী ডাক্তার, ইঞ্জিনিয়ার, সলিসিটর, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক-সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, সমাজকর্মীরা নানাভাবে আড্ডায় মেতে উঠেন।
দীর্ঘদিন পরে দেখা হওয়া পুরনো বন্ধুরা আনন্দে-উচ্ছ্বাসে একে অপরকে জড়িয়ে ধরেন, রোমন্থন করেন পুরোনো স্মৃতিগুলো। মৌলভীবাজারীদের মিলনমেলায় যোগ দিতে বার্মিংহামের বাঙালি কমিউনিটির নানা রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষজনরাও উপস্থিত হন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বৃটিশ শেডো মিনিষ্টার ফর ডিজিটাল লিয়াম ব্রায়ান এমপি, শেডো মিনিষ্টার ফর ফরেন এন্ড কমনওয়েলথ এফেয়ার্স খালেদ মাহমুদ এমপি ও বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাইকমিশনার নাজমুল হকসহ অন্যরা।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মৌলভীবাজারী প্রবাসীদের বহু আকাংখীত এ মিলনমেলা। চ্যানেল এস এর রিয়াদ আহাদ ও বার্মিংহাম কুইন এলিজাবেথ হাসপাতালের ডাক্তার মেহনাজ মুনার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মৌলভীবাজারী মিলনমেলা শুরু হয় ধর্ম সম্পাদক ফরিদ আহমেদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, সভাপতির বক্তব্য দেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান। তারা মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের গৌরবোজ্জ্বল ৬৭ বছর পূর্তি নিয়ে মৌলভীবাজারী মিলনমেলা আয়োজনের প্রেক্ষাপট বর্ণনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে মূলধারার রাজনীতি করে মৌলভীবাজারীদের আলোকিত মুখ হিসেবে যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত হওয়া ১৪ জন কাউন্সিলরকে মঞ্চে এনে সম্মাননা প্রদান করা হয়।
সুধীজনদের মধ্যে একে একে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম লুতফুর রহমান, মৌলভীবাজার মুক্তকথার সম্পাদক মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি শামিম আজাদ, সাপ্তাহিক জনমত সম্পাদক বিশিষ্ট লেখক নবাব উদ্দিন, কমিউনিটি লিডার সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক মৌমাছির কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বাংলা পোষ্টের হেড অফ প্রোডাকশন সালেহ আহামেদ প্রমুখ।
শেষে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে মৌলভীবাজারী মিলনমেলা উপলক্ষ্যে তৈরী বিশাল কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।