হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আগামী ৫ অক্টোবর শনিবার টেক্সাসের ডালাস শহরে নবগঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আমেরিকা শাখার উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রথম কনভেনশন অনুষ্ঠিত হবে। ‘ডালাস’এর বিখ্যাত শুটিং স্পট সাউথফোর্ক রেঞ্চ এ দিনব্যাপি এ অনুষ্ঠানটি হবে ।
কনভেনশনে আমেরিকা ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দিবেন। উত্তর আমেরিকার বাইরে বাংলাদেশ ও ইউরোপ থেকেও প্রাক্তন ছাত্রছাত্রীরা যোগ দেবে বলে জানা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের কয়েকজন নেতাও যোগ দিচ্ছেন।
সব মিলিয়ে পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী এই সম্মেলনে যোগ দিবে বলে প্রতিষ্ঠানের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হলের প্রাক্তন সহ-সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী জানিয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন চবি’র প্রাক্তন শিক্ষক উত্তর আমেরিকার প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মিজানুর রহমান মিয়া।
দিনব্যাপী অনুষ্ঠানে মধ্যে সকাল ১১টা ৩০ মিনিটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কনভেনশনের উদ্বোধন ও পরবর্তী স্বাগত ভাষণ প্রদান করবেন কনভেনশনের সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী। ২য় পর্বে এলামনাইদের মধ্যে সুভ্যেনির বিতরণ, পরিচিতি ও আলোচনা অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন চাকসুর প্রাক্তন সাধারণ সম্পাদক জমির চৌধুরী।
৩য় পর্বে বিকেল ৩টা থেকে স্থানীয় এলামনাই কতৃর্ক স্মৃতিচারণ, সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত পরিবেশিত হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত মাগরিবের নামাজ ও বিশেষ আকর্ষণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের জন্য বিরতি থাকবে।
শেষ পর্বে রাত ৮টা ৩০মিনিট থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, তপন চৌধুরী, তাজুল ইমাম এবং বাংলাদেশের সেরা ব্যান্ড দল মাইলস। ডালাসের স্থানীয় সময় রাত ১২টায় এ সভা সমাপ্ত হবে।
প্রতিষ্ঠানের সভাপতি ও আহ্বায়ক রায়হানুল ইসলাম চৌধুরী এই কনভেনশনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আমেরিকা শাখার একটি অর্থবহ, সুন্দর ও সফল যাত্রা শুরু করার বিষয়ে আশাবাদী বলে জানান।