প্রবাস মেলা ডেস্ক: বন্যপ্রাণী আইনের মামলায় ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১১ আগস্ট বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ‘হাওয়া’ সিনেমাটি দেখেন বন বিভাগের অপরাধ দমন ইউনিটের চার সদস্যবিশিষ্ট একটি দল। তারা জানান, এতে বন্যপ্রাণী আইন লঙ্ঘন করা হয়েছে। এবার নির্মাতার বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
গত ১৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়।
জানা গেছে, নির্মাতা মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে করা মামলায় বাদী হয়েছেন বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা। সাক্ষী করা হয়েছে তদন্ত কমিটিতে কাজ করা অন্য তিন সদস্য আবদুল্লাহ আস সাদিক, অসীম মল্লিক ও রথিন্দ্র কুমার বিশ্বাসকে।
এর আগে ‘হাওয়া’ সিনেমায় শালিককে আটকে রাখার দৃশ্য নিয়ে ৩৩টি পরিবেশবাদী সংগঠন বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তারা সিনেমা থেকে দৃশ্যটি বাদ দেওয়ার দাবিও তোলেন।