প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি হয়ে কাজ করবেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন ঢাকায়। আর এই বিদেশি নায়িকাকে নিয়ে বঙ্গভবনে ফ্রেমবন্দি হলেন ঢালিউড সুপারস্টার।
রোববার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানেই ফ্রেমবন্দি হয়েছেন তারা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক ও প্রযোজক হিমেল আশরাফ।
এ প্রযোজক বলেন, রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে শাকিব খান ও কোর্টনি কফিকে আমন্ত্রণ করা হয়েছিল বঙ্গভবনে। সেখানেই ফ্রেমবন্দি হয়েছেন তারা। ওই অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাদের প্রশংসা করছেন নেটিজেনরা।
শাকিব-কোর্টনির ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, নতুন লুকে হাজির হয়েছেন নায়ক। যা রীতিমত চমকে দিয়েছে সবাইকে। যেখানে কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি।
শাকিব খান ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, রাজকুমার আসছে। আর একই ছবি নিজের ওয়ালে শয়ার করেছেন অভিনেত্রী কোর্টনি কফিও।
এদিকে জানা গেছে, ১২ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ পরিচালনা করবেন ‘রাজকুমার’। ঢাকা, পাবনা ও পরে আমেরিকায় শুটিং হবে সিনেমাটির। যা আসছে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।