হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে এফডিএসআর জানতে পারে যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক পদাধিকারীদের অন্যতম, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এর গ্রামের বাড়ীতে কতিপয় দুষ্কৃতকারী হামলা চালিয়েছে।
৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার সংঘটিত এই হামলায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চানপুর গ্রামে স্বাস্থ্য সচিবের বাড়ী আক্রান্ত হয় এবং এতে সহকারি কমিশনার ভূমি বা এসিল্যান্ড আশরাফুল আলম আহত হন।
ইতিমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমকে বিবৃতি জানায় এফডিএসআর । বিবৃতিতে তারা জানায়, শুরু থেকেই ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে বারবার জোর দাবী জানিয়ে আসছে। আজ নিজের বাড়ীতে স্বাস্থ্যসচিব আক্রান্ত হয়ে এবং একজন প্রশাসনিক কর্মকর্তা আহত হয়ে এই কথাই প্রমাণ করলো যে যেখানে সচিব পদমর্যাদায় স্বাস্থ্যবিভাগের সর্বোচ্চ কর্মকর্তা নিজের গ্রামের বাড়ীতে নিরাপদ না সেখানে সাধারণ ডাক্তাররা গ্রামে-গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে কি ধরণের নিরাপত্তাহীন অবস্থায় সেবা দিতে বাধ্য হচ্ছেন।
স্বাস্থ্য সচিবের পরিবার দাবী করেছেন এই হামলার সংগে স্থানীয় রাজনৈতিক মদদপুষ্ট দৃষ্কৃতকারীরা জড়িত। একই ধরণের মদদপুষ্টরা সারা দেশে বিভিন্ন স্থানে একইভাবে ডাক্তারদের ক্রমাগত শারিরীক ও মৌখিকভাবে নির্যাতন করে থাকে যার প্রতিকার হয় না।
এফডিএসআর স্বাস্থ্যসচিবের উপরে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে । পাশাপাশি সারা দেশে ডাক্তার সহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাচ্ছে এবং এ ধরণের সকল হামলায় জড়িতদের বিচার করার জন্য অনুরোধ করছে।