হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশকে নিয়ে আল জাজিরার দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশ কন্টিজেন্টে বাংলাদেশের ইসরায়েলি যন্ত্র ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি।
‘All the Prime Minister’s Men’ শিরোনামে বাংলাদেশকে নিয়ে ১ ফেব্রুয়ারি ২০২১ বিভ্রান্তিকর প্রামাণ্যচিত্র প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটি নিয়ে বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানানোর পরও থামছে না বিদেশি টেলিভিশন চ্যানেলটির মিথ্যাচার।
এবার বাংলাদেশের বিষয়ে আল জাজিরা টেলিভিশনের দেওয়া তথ্যের বিরোধিতা করল খোদ জাতিসংঘ। ৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, আল জাজিরার প্রামাণ্যচিত্রে বাংলাদেশ যে ধরণের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনো কন্টিনজেন্টে এ রকম যন্ত্র ব্যবহারের প্রমাণ মেলেনি। কোনোভাবেই বাংলাদেশ চুক্তিভঙ্গ করেনি বলেও সাফ জানানো হয়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি ইউনিফর্মড সদস্য রয়েছে। প্রতিটি শান্তি মিশনে তাদের মোতায়েনে জাতিসংঘের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো বাংলাদেশের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে। আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে ধরণের ইলেকট্রনিক যন্ত্রের কথা উঠে এসেছে, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্টে সে ধরণের কোনো যন্ত্র ব্যবহার করা হয় না।
আল জাজিরার প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক ব্যাখ্যা দিয়েছে বলে জানান জাতিসংঘের এই মুখপাত্র।